০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎ প্রকল্পে আরও ৫ বছরের কর সুবিধা

১০ বছরের জন্য পুরো আয়কর অব্যাহতি এবং পাঁচ বছরের জন্য বিভিন্ন হারে আয়কর ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর।

নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎ প্রকল্পে আরও ৫ বছরের কর সুবিধা
কক্সবাজারের খুরুশকুলে নির্মিত দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ছবি: মো. জান্নাতুল নাইম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 08:29 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আরেক দফা কর ছাড় দিয়ে প্রণোদনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এখন থেকে এমন নতুন বিদ্যুৎকেন্দ্র মোট ১৫ বছরের কর অব্যাহতি পাবে; এরমধ্যে ১০ বছরের জন্য পুরো আয়কর অব্যাহতি এবং পাঁচ বছরের জন্য বিভিন্ন হারে আয়কর ছাড়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক মাসের মাথায় আগের প্রজ্ঞাপন বাতিল করে আরও পাঁচ বছরের বাড়তি কর সুবিধা দেওয়ার নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ২৯ অক্টোবর নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রথম পাঁচ বছরে পুরো আয়কর অব্যাহতি এবং পরের পাঁচ বছরের জন্য কর ছাড় দিয়েছিল।

নতুন সিদ্ধান্তের ফলে নবায়নযোগ্য শক্তির কোনো বিদ্যুৎকেন্দ্র ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে গেলে সেটি আয়ের ওপর প্রথম ১০ বছর আয়কর অব্যাহতি এবং পরবর্তী পাঁচ বছর বিভিন্ন হারে আয়কর ছাড় পাবে।

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতির আওতায় নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো এ সুবিধা পাবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এসব কোম্পানিকে প্রথম ১০ বছর আয়ের ওপর কোনো কর দিতে হবে না। পরের তিন বছর ৫০ শতাংশ এবং এর পরের দুই বছর ২৫ শতাংশ কর অব্যাহতি মিলবে। তবে সেজন্য বাংলাদেশ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিতে নির্ধারিত সকল শর্ত পূরণ করতে হবে।

এর আগে বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালের ২৬ জুন এই খাতে পূর্ণ কর অব্যাহতির সুবিধা প্রত্যাহার করে ১০ বছরের জন্য ধাপে ধাপে একটি কর প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছিল। 

তখন নবায়নযোগ্য শক্তিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিনিয়োগের জন্য ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতি কার্যকর ছিল। যেসব বিনিয়োগকারী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে নবায়নযোগ্য শক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাণিজ্যিক উত্পাদন শুরু করতে পারবে সেগুলোর জন্য সর্বোচ্চ ২০৩৬ সাল পর্যন্ত কর ছাড় পাওয়ার বিধান ছিল।

নতুন সিদ্ধান্তের ফলে কোনো কোম্পানি যদি ২০৩০ সালের ৩০ জুনও বাণিজ্যিক উৎপাদনে যায়, তাহলে সেটি ২০৪৫ সালের জুন পর্যন্ত কর অব্যাহতির সুবিধা নিতে পারবে।

নবায়নযোগ্য শক্তির নতুন বিদ্যুৎ প্রকল্পে ফের কর ছাড়