০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নবায়নযোগ্য শক্তির নতুন বিদ্যুৎ প্রকল্পে ফের কর ছাড়

২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে গেলে আয়ের ওপর প্রথম পাঁচবছর কর অব্যাহতি এবং পরবর্তী পাঁচ বছরের জন্য কর ছাড় থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 10:23 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আবার কর প্রণোদনা চালু করেছে অন্তর্বর্তী সরকার।

নবায়নযোগ্য শক্তির কোনো বিদ্যুৎকেন্দ্র ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে গেলে তার আয়ের ওপর প্রথম পাঁচবছর কর অব্যাহতি এবং পরবর্তী পাঁচ বছরের জন্য কর ছাড় থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতির আওতায় নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী যেসব কোম্পানি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে বাণিজ্যিক উৎপাদসে যাবে, সেসব কোম্পানি এই সুবিধার জন্য বিবেচিত হবে। 

এসব কোম্পানিকে প্রথম পাঁচ বছর আয়ের ওপর কোনো কর দিতে হবে না। পরের তিন বছর ৫০ শতাংশ এবং তার পরের দুই বছর ২৫ শতাংশ কর অব্যাহতি মিলবে। তবে সেজন্য বাংলাদেশ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিতে নির্ধারিত সকল শর্ত পূরণ করতে হবে।

এর আগে বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালের ২৬ জুন এই খাতে পূর্ণ কর অব্যাহতির সুবিধা প্রত্যাহার করে দশ বছরের জন্য ধাপে ধাপে একটি কর প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছিল। নবায়নযোগ্য শক্তি-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিনিয়োগের জন্য ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতি কার্যকর ছিল।

যেসব বিনিয়োগকারীরা ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে নবায়নযোগ্য শক্তি-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাণিজ্যিক উত্পাদন শুরু করতে পারবে তাদের জন্য সর্বোচ্চ ২০৩৬ সাল পর্যন্ত তাদের আয়ের উপর কর ছাড় পাওয়ার বিধান ছিল।

নতুন সিদ্ধান্তের ফলে কোনো কোম্পানি যদি ২০৩০ সালের ৩০ জুনও বাণিজ্যিক উৎপাদনে যায়, তাহলে তারা ২০৪০ সালের জুন পর্যন্ত কর অব্যাহতির সুবিধা নিতে পারবে।