বাজেটে শিক্ষায় ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে মানববন্ধন
আসন্ন বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।
রোববার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ এ মানববন্ধন করে।
ছাত্র ইউনিয়ন নেতাদের মতে, প্রতি বছর শিক্ষাখাতে রাষ্ট্রীয় ভর্তুকি কমিয়ে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেয়া হচ্ছে।
প্রতি বছর পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সরকারি স্কুল-কলেজের সংখ্যা বাড়েনি।
সরকারি কলেজে আসন সংকট রেখে শিক্ষার্থীদের ব্যয়বহুল ও ব্যবসা নির্ভর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেয়া হচ্ছে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে শিক্ষাখাতে সবচেয়ে কম বরাদ্দ থাকে উল্লেখ করে তারা বলেন, এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
সমাবেশে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি মিন্টু চৌধুরী, বর্তমান সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব, সাধারণ সম্পাদক তপু বড়–য়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসেদর সভাপতি রাশিদুল সামির, আমির হোসেন, আফসানা জাহিন, বিপ্লব দাশ, আয়াজ নকীব ও দেবাশিষ ধর প্রমুখ বক্তব্য রাখেন।
