২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বাদশাহর চিঠি পৌঁছে দিলেন সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত ইসা ইউসুফ ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ উপলক্ষে সৌদি বাদশার বার্তা হস্তান্তর করেছেন রাষ্ট্রপতির কাছে।

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বাদশাহর চিঠি পৌঁছে দিলেন সৌদি রাষ্ট্রদূত

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 10:26 PM

Updated : 25 Jul 2022, 10:26 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান।

সোমবার সন্ধ্যায় তিনি বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাষ্ট্রদূত ইসা ইউসুফ ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ উপলক্ষে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের একটি চিঠি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।”

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং বহুপাক্ষীয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সফর বিনিময়ের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যূত রোহিঙ্গাদের সহায়তার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবদুল হামিদ। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সৌদি আরব রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া , রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।