১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘চাঁদাবাজি’: সাময়িক বরখাস্ত ৩ পুলিশ সদস্য গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে ঢাকার দুই থানায় মামলা ছাড়াও রেশন কার্ড জালিয়াতির অভিযোগ ও বিভাগীয় অপরাধের তদন্ত চলছে, জানান মুগদার ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 11:54 PM

Updated : 05 Sep 2022, 11:54 PM

চাঁদাবাজির অভিযোগে সাময়িক বরখাস্ত তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ।

তারা হলেন- হাসান আল বান্না, নাসিদুল ইসলাম ও বেলাল হোসেন।

মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার মুগদার একটি বাসায় ঢুকে গৃহকর্তাকে মাদকসেবী বলে এক লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টা করেন তারা। ওই সময় ৯৯৯ এ ফোন পেয়ে মুগদার উত্তর মানিকনগরের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, পরে রোববার গৃহকর্ত্রী ইতি আক্তার সাফিয়ার করা চাঁদাবাজির মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

এক বছর আগে এই তিন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন জানিয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। গ্রেপ্তারের আগে তারা তিন জনই রাজারবাগ পুলিশ লাইন্সে থাকতেন।

“তাদের বিরুদ্ধে ঢাকার শাহজাহানপুর ও যাত্রাবাড়ী থানায় মামলা ছাড়াও রেশন কার্ড জালিয়াতির অভিযোগ ও বিভাগীয় অপরাধের তদন্ত চলছে।“

সাময়িক বরখাস্ত থেকেও তাদের অপরাধ করার প্রবণতা কমেনি মন্তব্য করে তিনি বলেন, নতুন অপরাধে জড়িত হয়ে তারা গ্রেপ্তার হলেন গত শনিবার।

ওসি জামাল ইতি আক্তারের অভিযোগের বরাত দিয়ে জানান, শনিবার রাত সোয়া আটটার দিকে গ্রেপ্তার তিন পুলিশ সদস্য সাদা পোশাকে বাসার গেইটে এসে তার স্বামী শহিদুল ইসলামের খোঁজ করেন। পরে বাসায় ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শহিদুলকে মাদকসেবী বলে গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি বলেন, তিন জন ব্যারাকে থাকেন। রাতে তাদের অনুমতি ছাড়া বাইরে যাওয়ার সুযোগ নেই। যদি কেউ অনুমতি ছাড়া বাইরে যান তাহলে রোল কলের সময় সেটি ধরা পড়ে।