হত্যা মামলায় পলাতক ১৬ বছর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুর রহিম ১১ মাস ও রোকেয়া ১৭ মাস কারাগারে থাকার পর ২০০৬ সালের শেষের দিকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।
হত্যা মামলায় গ্রেপ্তারের পর জামিন নিয়ে ১৬ বছর পালিয়ে থাকা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। চার বছর আগে আদালতে তাদের ফাঁসির আদেশও হয়।
চাঁদপুরের মতলব দক্ষিণ থানার নারায়ণপুর থেকে সোমবার রাতে আব্দুর রহিম (৬৪) ও তার স্ত্রী রোকেয়া বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৪।
তাদের গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক।
তিনি জানান, ২০০৫ সালের জুনে ছোট ভাই জাফরের স্ত্রী সামিনাকে ধামরাইয়ের সৈয়দপুরের বাড়িতে নিয়ে যান রোকেয়া। যৌতুকের দাবিতে সেখানে নির্যাতনের পর সামিনাকে পুড়িয়ে হত্যা করা হয়।
এঘটনায় জাফর, রোকেয়া এবং রহিমসহ মোট ছয়জনকে আসামি করে মামলা হলে পাঁচ আসামি গ্রেপ্তার হন। পরে রোকেয়া-রহিম দম্পতি জামিনে বেরিয়ে পলাতক ছিলেন।
২০১৮ সালের ৫ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ এই মামলার ছয় আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
সংবাদ সম্মেলেনে র্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তার আব্দুর রহিম রায়ের পর থেকে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পেশা পরিবর্তন করে জীবিকা নির্বাহ করছিলেন।
“কখনো সে তালা-চাবি তৈরি, কখনো বাবুর্চির হেলপার আবার কখনো শরবত বিক্রি, এমনকি বিভিন্ন মাজারের কর্মী হিসেবে আত্মগোপনে থেকে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
“তিনি কখনই এক জায়গায় দীর্ঘ সময় বসবাস করতেন না। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আর কখনই নিজ বাড়িতে ফিরে যাননি।”
গ্রেপ্তার রোকেয়া মূলত তেরি পোশাক কারখানার কর্মী। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে থেকে বিভিন্ন কারখানায় চাকরি করছিলেন।
“তবে একই গার্মেন্টেসে বেশিদিন চাকরি করতেন না রোকেয়া,”- বলেন মোজাম্মেল হক।
একসময় তিনি দেশের বাইরে চলে যান জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, “২০১৭ সালে নিজের বয়স কমিয়ে, অবিবাহিত দেখিয়ে নতুন এনআইডি কার্ড করেন তিনি।
“তারপর গৃহকর্মী হিসেবে কৌশলে সৌদি আরবে পাড়ি জমান। গত ৫ বছর যাবত দেশের বাইরে থেকে গত জুন মাসের প্রথম দিকে দেশে ফেরেন রোকেয়া।”
র্যাব জানায়, রোকেয়ার চার সন্তান রয়েছে। মেয়ে পিংকি তাকে নায়ায়ণপুরের বাসাটি ঠিক করে দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সামিরার বাবা জুরা মিয়া ও মা নাজমা বেগম। এসময় স্ক্রিনে একটু পরপর যখন সামিরার ছবি ভেসে উঠছিল, তখন নাজমা বলে ওঠেন, “এই আমার মেয়ে।”
র্যাবের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনার পুরোটা সময় কাঁদছিলেন সামিরার বাবা-মা।
নাজমা বেগম বলেন, “এত বছর পর ধরা পড়েছে, তবু তো ধরা পড়ল, আল্লাহ তাদের শাস্তি দেউক।”
ঘটনার পর পেশায় কৃষক সামিরার বাবা জুরা মিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে জানান তিনি।
র্যাব অধিনায়ক জানান, ২০০৩ সালে সাভারের কাউন্দিয়া নিবাসী সামিনার সঙ্গে বক্তারপুরের জাফরের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুক দাবি করে সামিনার ওপর তিনি নির্যাতন শুরু করেন।
মোজাম্মেল হক বলেন, “বিয়ের সময় যৌতুক হিসেবে কন্যাপক্ষ সাধ্য অনুযায়ী নগদ টাকা-পয়সা, আসবাসপত্র এবং ইলেক্ট্রনিকস সামগ্রী দেয়।
“কিন্তু স্বামী জাফর বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে আরও টাকার জন্য স্ত্রী সামিনার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে।”
এক পর্যায়ে সামিনাকে বাবার বাড়ি থেকে ১৬ হাজার টাকার আনার জন্য চাপ দিতে থাকেন জাফর। পরে সামিনার দরিদ্র বাবা জুরা মিয়া ছয় হাজার টাকা দেন।
“বাকি টাকার জন্য স্বামী জাফর, রোকেয়া ও তার স্বামী আব্দুর রহিমসহ অন্য আসামি সামিনাকে শারীরিকভাবে নির্যাতন করাসহ মেরে ফেলার হুমকি দিতে থাকে।”
২০০৫ সালের ৭ জুন রোকেয়া-রহিম দম্পতি ‘পূর্ব পরিকল্পনা’ অনুযায়ী সামিনাকে ধামরাইয়ের সৈয়দপুরের বাড়িতে নিয়ে যায় বলে জানান র্যাব অধিনায়ক।
সেখানে জাফর যৌতুকের বাকি টাকা দাবি করলে সামিনা জানায়, তার বাবা আর টাকা দিতে পারবে না।
“স্বামী জাফর সামিনাকে শারীরিক নির্যাতন শুরু করে এবং মারধরের এক পর্যায়ে দাহ্য পদার্থ ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে আসে।”
সামিনার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নয়ারহাট গণস্বাস্থ্য হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সামিনা মারা যান। তবে মৃত্যুর আগে তিনি পুলিশের কাছে সবার নামসহ জবানবন্দি দিয়ে যান বলে সংবাদ সম্মেলেন জানায় র্যাব।
জবানবন্দি অনুযায়ী পরে তার মা নাজমা বেগম সামিনার স্বামী জাফরসহ তার বড় ভাই জাহাঙ্গীর ও সালেক, জাফরের বড় বোন রোকেয়া ও তার স্বামী আব্দুর রহিম এবং জাফরের মামা ফেলানিয়াসহ মোট ছয়জনকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ২০০৫ সালের ৩১ অগাস্ট তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সব আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর ১৩ বছর পর তাদের সবার মৃত্যুদণ্ডের রায় হয়।
ঘটনার পর জাফরের বড় ভাই জাহাঙ্গীর ছাড়া সব আসামি গ্রেপ্তার হয়। বড় ভাই সালেক ও মামা ফেলানিয়া মামলা চলার সময় গ্রেপ্তার হয়ে এক বছর কারাগারে ছিলেন। পরে জামিনে বেরিয়ে তারা পলাতক আছেন।
গ্রেপ্তার আব্দুর রহিম ১১ মাস ও রোকেয়া ১৭ মাস কারাগারে থাকার পর ২০০৬ সালের শেষের দিকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান।
রায়ের সময় শুধুমাত্র সামিনার স্বামী জাফর আদালতে হাজির ছিলেন, বাকি আসামিরা পলাতক ছিলেন।
এখনও এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি জাহাঙ্গীর, সালেক এবং ফেলানিয়া পলাতক রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব।
