Published : 23 Oct 2023, 06:48 PM
ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে আগামী ২৮ অক্টোবর জনজীবন ‘স্বাভাবিক রাখার’ নির্দেশনা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সামনে আসা সচিবের কাছে প্রশ্ন ছিল, ২৮ অক্টোবর নিয়ে সরকারের কী নির্দেশ আছে।
জবাবে তিনি বলেন, “আমাদের তরফ থেকে সেটা হল, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের জনজীবন যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি।”
ডিসিদেরকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আদায়ের ‘এক দফার’ আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় ‘মহাসমাবেশ’ ডেকেছে। সেদিন থেকে আন্দোলনের আন্দোলনের ‘মহাযাত্রা’ শুরুর ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে রাজনীতিতে ছড়িয়েছে উত্তেজনা।
একই দিন পাল্টা সমাবেশের ডাক এসেছে আওয়ামী লীগের তরফেও। ‘মহাযাত্রার’ ঘোষণা দিয়েছে তারাও।
পাল্টাপাল্টি এই কর্মসূচিতে কেন্দ্র করে ২০২২ সালের ১০ ডিসেম্বরের স্মৃতিও ফিরে এসেছে এ কারণে যে, আওয়ামী লীগের নেতারা বিএনপিকে সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছেন।
গত বছরের ডিসেম্বরের ১০ তারিখে ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ডাকাকে কেন্দ্র করে একইভাবে উত্তেজনা ছড়িয়েছিল। কর্মসূচির তিন দিন আগে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর শেষমেশ সমাবেশটি হয়েছিল সায়েদাবাদের গোলাপবাগ মাঠে। উদ্বেগ ও আতঙ্কে সেদিন ঢাকার মানুষের চলাচল ছিল সীমিত।
বিএনপির পক্ষ থেকে প্রথমে আন্দোলনের ‘মহাযাত্রা’ ঘোষণা করা হলেও পরে অবশ্য দেওয়া হয়েছে উল্টো বক্তব্য। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে বলেছেন, ‘মহাসমাবেশ’ থেকে ‘সড়কে বসে পড়ার’ মত কোনো কর্মসূচি আসছে না। শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি পালন করবেন। এরপর নেতা-কর্মীরা যার যার মতো করে ফিরে গিয়ে পরবর্তী কর্মসূচির জন্য অপেক্ষায় থাকবেন।
আরও পড়ুন: