‘ভালো গণতন্ত্রের জন্য প্রয়োজন মুক্ত গণমাধ্যম’
‘গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক ভার্চুয়াল সভায় এমন বক্তব্য এসেছে।
ভালো গণতান্ত্রিক চর্চার জন্য গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়েছে মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায়।
বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে জানানো হয়।
এতে মূল প্রবন্ধ পড়েন ঢাকার ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ‘গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক এ ভার্চুয়াল সভার আয়োজন করে।
মোহন বলেন, “রাষ্ট্র থাকলে নাগরিক থাকবে, রাজনীতি ও রাজনীতিক থাকবে, সরকার গঠনের পদ্ধতি থাকবে, বিভিন্ন মতবাদ থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কিত এসব বিষয়ে জনসাধারণের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণও থাকবে। আর সে কারণেই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বহুল আলোচিত স্বাধীন সংবাদমাধ্যমের গুরুত্বকে কোনমতেই অস্বীকার করা যায় না।”
ইউএনডিপির ইয়ুথ লিডার টনি ম্যাথু চিরানের সঞ্চালনায় আলোচনায় মানবাধিকার সাংবাদিক ফোরাম এর মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী সামিও শীশ, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদউদ্দিন সরদার, ইউএনডিপির ইয়ুথ লিডার সুমিতা রবিদাস বক্তব্য রাখেন।
