ছুরিকাঘাতে খুন বৃদ্ধ চালক, রিকশা উধাও
পুলিশের ধারণা, পেছন থেকে গলায় ছুরি মেরে চালককে খুন করে তার রিকশা নিয়ে গেছে খুনি।
ঢাকার পল্লবীতে ব্যাটারিচালিত এক রিকশাচালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত ৬০ বছর বয়সী লতিফ হাওলাদার ঢাকায় মিরপুর ১২ নম্বরের 'ছ' ব্লকে থাকতেন; তার বাড়ি মুন্সীগঞ্জে।
মিরপুরের স্থানীয় সবজি ব্যবসায়ীরা কাওরানবাজারসহ বিভিন্ন বাজার থেকে সবজি আনার কাজে লতিফের রিকশা ভাড়া নিয়ে আসছিলেন বহু বছর ধরে
মিরপুরের কালশী সড়কের পাশে শুক্রবার ভোর ৬টার দিকে লতিফের মৃতদেহ পাওয়া যায় বলে পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, পেছন থেকে লতিফের গলায় ছুরি মেরে রিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা, আর বৃদ্ধ লতিফ ঘটনাস্থলেই মারা যান।“
ওসি জানান, রোজ রাত সাড়ে ৩টার দিকে লতিফ তার রিকশা নিয়ে বের হয়ে মিরপুর-১ এবং কাওরানবাজারে যেতেন সবজি আনার জন্য। শুক্রবার ভোররাতেও তিনি রিকশা নিয়ে বের হন। পরে কালশীর রাস্তায় পুলিশ তার মৃতদেহ পায়।
লতিফের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে পুলিশ অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে।
