২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে কুয়েত ও নেপালের দূতের পরিচয়পত্র পেশ

সাক্ষাৎকালে কুয়েত ও নেপালের নতুন রাষ্ট্রদূতেরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন

রাষ্ট্রপতির কাছে কুয়েত ও নেপালের দূতের পরিচয়পত্র পেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে মঙ্গলবার পরিচয়পত্র পেশ করেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 10:07 PM

Updated : 30 Aug 2022, 10:07 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

মঙ্গলবার নতুন এই দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং পরিচয়পত্র পেশ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির কাছে প্রথমে কুয়েতের নতুন রাষ্ট্রদূত ফয়সাল তার পরিচয়পত্র পেশ করেন। পরে পরিচয়পত্র পেশ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম।

প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুয়েতের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘কুয়েত বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং শ্রম শক্তির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল’। রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানান।

“বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানির করার কথাও বলেন রাষ্ট্রপতি। তিনি দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সফর বিনিময় ও আলোচনার ওপর জোর দেন।”

এরপর নেপালের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ ও নেপালের ‘চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে’র কথা তুলে ধরেন। ২০১৯ সালে তার নেপাল সফর এবং ২০২১ সালে নেপালের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।”

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে কুয়েত ও নেপালের নতুন রাষ্ট্রদূতেরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করে নেপালের রাষ্ট্রদূত এ ব্যাপারে তার দেশকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নতুন রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।