ডেঙ্গু প্রতিরোধে মসজিদে লিফলেট বিতরণ ঢাকা দক্ষিণ সিটির
জুম্মার নামাজের সময় এ বিষয়ে সচেতন করতে করণীয় সম্পর্কেও আলোচনা করেছেন কাউন্সিলর ও কর্মকর্তারা।
ডেঙ্গু প্রতিরোধে এ রোগের বাহক এইডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
শুক্রবার একই সঙ্গে জুম্মার নামাজের সময় এ নিয়ে করণীয় সম্পর্কেও আলোচনা করেছেন কাউন্সিলর ও কর্মকর্তারা।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ওয়ার্ড কাউন্সিলর এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এদিন বিভিন্ন মসজিদে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তারা ডেঙ্গু রোগ প্রতিরোধে নাগরিকদের করণীয় বিষয়গুলো সবার কাছে তুলে ধরে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এবছর ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যে ঢাকার অন্যান্য স্থানের মতো দক্ষিণ সিটির অনেক এলাকা ঝুঁকির তালিকায় রয়েছে।
