১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু: প্রতিরোধ কার্যক্রম দেখতে হঠাৎ আজিমপুর-ধানমন্ডিতে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 03:34 PM

Updated : 17 Oct 2026, 03:34 PM

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় 'আকস্মিক' পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি শনিবার ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা ঘুরে দেখেন।

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিনি এ পরিদর্শন করেন।

ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি দূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী।

পরে গ্রিনরোড ও আজিমপুরে সরকারি আবাসন এলাকা ঘুরে দেখার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

এ সময় নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক এই কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডেই একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়।

জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে সিটি করপোরেশন।