১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক

প্রাথমিক অনুসন্ধানে তাদের সোয়া এক কোটি টাকার সম্পদ থাকার তথ্য পেয়েছে দুদক, যা জ্ঞাত আয়ের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ বলে দাবি করেছে সংস্থাটি।

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক

নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 07:16 PM

Updated : 12 Oct 2026, 07:16 PM

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয়ের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ সোয়া এক কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অবস্থায় তাদের প্রকৃত সম্পদের পরিমাণ ও আয়ের উৎস জানতে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সোমবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য দেন।

তিনি বলেন, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের নামে প্রাথমিক অনুসন্ধানে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। এছাড়া তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

সব মিলিয়ে স্বামী-স্ত্রীর নামে ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদ তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে বলে বলেন আকতারুল।