ঢাকায় ৩১ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা সর্বস্ব লুটে নিত বলে র্যাবের ভাষ্য।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলছেন, রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিত এরা।
গ্রেপ্তাররা হলেন- মো রুবেল (২৬), মো. সোহাগ (১৯), মো. মানিক (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), সুমন মিয়া (৩০), মো. রাজু বিশ্বাস (২৭), দুলাল চন্দ্র শিল (৩২), মো. আসাদুল্লাহ (৪২), মো. শাহাদাৎ হোসেন (২৫), পান্না (২৫), মেহেদি হাসান (২৫), মো. শাকিল (২৭), মো. আসাদুল ওরফে বিটকেল (২২), মো. রনি তালুকদার (১৯), মো. হাফিজুল ইসলাম (১৯), মো. রাসেল (২২), মো. হৃদয় নিরব (২২), মো. শেখ মিলন (২২), মো. রফিকুল ইসলাম (২৯), মো. জুয়েল হাওলাদার (২৬), মো. মুন্না (২২), মো. মাসুদ ওরফে খোরশেদ আলম (২০), মো. ফাহিম (২১), আ. কাদের (২৪), মো. আশরাফ আলী (৩৭), মো. মিলন (২৫), মো. রিয়াজ (৩৬), গৌতম অধিকারী (৩৮), মো. জুয়েল হোসেন (২৮), মো. জাবেদ (৩৮) ও মো. রবিউল ইসলাম (২০)।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সে সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্টিকাটার, দুটি ছুরি, চারটি সুইচ গিয়ার, একটি ক্ষুর, একটি কাঁচি ও ব্লেড উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন বলেন, “সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি গলিতেও ওঁৎ পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্র তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়।“
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে বলে এই র্যাব কর্মকর্তার ভাষ্য।
