মুগদায় কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি।
রাজধানীর মুগদা এলাকায় নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রোহিত (২৫) কবুতর পালতেন ও কেনাবেচা করতেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি।
নিহতের ফুফাতো ভাই রিয়াদ হোসেন বলেন, মুগদার মান্ডা এলাকার শেষ মাথায় পানির পাম্প সংলগ্ন নিজ বাসার ৫ তলার ছাদে কবুতর ধরতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তার ভাই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে বলেন, রোহিতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
