১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে বাসার ছাদ থেকে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু

মেয়েটি মোহাম্মদপুরের হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 05:00 PM

Updated : 10 Oct 2026, 05:00 PM

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে তিন তলা বাসার ছাদে খেলতে গিয়ে নিচে পড়ে নয় বছরের শিশু মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে চাঁদ উদ্যানের ৩ নম্বর রোডের ১-সি এর বাসায় এ দুর্ঘটনা ঘটে। নুসরাত নামের শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটি মোহাম্মদপুরের হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

নিহত শিশুর বাবা মো. সজিব হোসেন বলেন, “বাসার ছাদে খেলার সময় অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে নিচে পড়ে যায় আমার মেয়ে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গুরতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।

“সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩ টার দিকে বলেন নুসরাত আর বেঁচে নেই।”

সজিব হোসেন জানিয়েছেন, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামে। তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ওই ভাড়া বাসায় থাকেন। নুসরাত তিন মেয়ের মধ্যে ছোট।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।