২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির হাট নির্দিষ্ট স্থানের বাইরে যেন না ছড়ায়: ডিএমপি কমিশনার

ঈদের সময় যারা ঢাকা ছেড়ে যাবেন, নগদ টাকা, গয়না বা মূল্যবান সম্পদ খালি বাসায় না রাখতে তাদের পরামর্শ দেন তিনি।

কোরবানির হাট নির্দিষ্ট স্থানের বাইরে যেন না ছড়ায়: ডিএমপি কমিশনার

পুরান ঢাকার ধুপখোলা মাঠে বসে কোরবানির পশুর হাট। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 06:10 PM

Updated : 22 Jun 2023, 06:10 PM

স্থান নির্দিষ্ট করে ঢাকার নগর কর্তৃপক্ষ কোরবানির পশুর হাটের অনুমতি দিলেও বরাবরই দেখা যায়, সেই এলাকা ছাড়িয়ে সড়কেও রাখা হচ্ছে গরু-ছাগল।

তা যেন এবার না ঘটে, সেজন্য হাটের ইজারাদারদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঈদের এক সপ্তাহ আগে বৃহস্পতিবার তিনি নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, কোরবানির পশুর হাট যেন জনদূর্ভোগের কারণ না হয়।

ইজারাদারদের উদ্দেশে ফারুক বলেন, “২৫ জুনের আগে কোনো গরু হাটে উঠবে না। আর হাটের চৌহদ্দির বাইরে কোনো গরু রাখা যেমন যাবে না, তেমনি কোনো মহাসড়কে এমনকি রাস্তায়ও গরু রাখা যাবে না।”

ব্যবসায়ীরা যেন তাদের পছন্দের হাটে গরু নামাতে পারেন, তা নিশ্চিতে পুলিশ সজাগ থাকবে বলে জানান তিনি।

“পশুবাহী কোনো ট্রাক থেকে কোথাও গরু নামাতে বাধ্য করা যাবে না। টানাটানি করা যাবে না। এটার ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ যন্ত্র থাকবে বলেও জানান তিনি।

হাটগুলোতে সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশ থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “চাঁদাবাজি বন্ধেও পুলিশের তৎপরতা থাকবে।”

তিনি হাট এবং খাবার হোটেলগুলো সিসি ক্যামেরার আওতায় আনার জন্য ইজারাদারদের পরামর্শ দেন।

ঈদের সময় যারা ঢাকা ছেড়ে যাবেন, নগদ টাকা, গয়না বা মূল্যবান সম্পদ খালি বাসায় না রাখতে তাদের পরামর্শ দেন গোলাম ফারুক। ব্যাংক বা ঢাকায় বসবাসরত স্বজনদের কাছে তা রেখে যাওয়ার অনুরোধ করেন তিনি।

পুলিশ কমিশনার জানান, ঈদের সময় পুলিশের টহল থাকবে। বিভিন্ন এলাকার বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় লাগানো সিসি ক্যামেরা সচল আছে কি না, তাও যাচাই করবে পুলিশ।