‘নামকরা ব্র্যান্ডের’ নামে ভেজাল ঘি, গ্রেপ্তার ২
ভেজাল ঘি, ১২০ লিটার সয়াবিন তেল, ডালডাসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।
নামকরা ব্র্যান্ডের নামে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর ডেমরার ডগাইর পূর্বপাড়ার হাজি আনছার আলী রোডের একটি বাসা থেকে মো. মামুন পাইক (৩৭) ও মো. সাফির (২৫) নামের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মান ক্ষুণ্ন করে সংঘবদ্ধভাবে ভেজাল ঘি উৎপাদনের পর বাজারজাত করে আসছিল এই চক্র।”
তাদের কাছ থেকে নিউ ফ্রেশ গাওয়া ঘি, ফেমাস স্পেশাল গাওয়া ঘি, স্পেশাল বাঘাবাড়ী ঘির ভুয়া লেবেল লাগানো ভেজাল ঘি, ১২০ লিটার সয়াবিন তেল, ডালডাসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
আশরাফ হোসেন বলেন, “তারা কোম্পানির সুনাম নষ্ট করে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি করছে। আর এসব ঘি খাওয়ার ফলে বিভিন্ন বয়সের ব্যক্তিসহ কোমলমতি শিশুদের জীবন হুমকির সম্মুখীন হচ্ছে।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করার কথা জানিয়েছে পুলিশ।
