ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর একজন সহকারী গ্রন্থাগরিক সাক্ষী হিসেবে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
রোববার ৩৯ বছর বয়সী এই ব্যক্তি তার হেফাজত থেকে তদন্ত কর্মকর্তার মতিউর রহমানের জব্দ করা নথিপত্রগুলোর সত্যতা নিশ্চিত করেন।
নথিগুলোর বেশিরভাগ জামায়াতের মুখপত্র সংগ্রাম ও দৈনিক আজাদের ১৯৭১ সালের পত্রিকা ও তার ক্লিপিং।
এ ছাড়া এদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য স্থাপিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জনৈক মোহাম্মদ মোবারক আলীর আরো দুই মাসের জামিন মঞ্জুর করে।
১৬ জুলাই ট্রাইব্যুনাল মোবারককে দুমাসের জামিন দিয়েছিল। তিনি তখন পর্যন্ত নয়মাস ধরে কারাগারে ছিলেন। একই সঙ্গে ১৬ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
অন্যদিকে ট্রাইব্যুনালের নির্দেশে রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছেন। পরে আগামী ১৫ নভেম্বর মোবারকের উপস্থিতিতে পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দেয়ার দিন ঠিক করা হয়।
২০০৯ সালের ৩ মে আব্দুল খালেক নামের এক ব্যক্তির বিধবা স্ত্রী খোদেজা বেগম প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় মোবারকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে মামলা করেন। এর পর থেকেই তিনি জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২১১৮ ঘ.
bdnews24