২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধে তরুণদের হত্যায় আলিম সম্পৃক্ত ছিলেন’

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তরুনদের হত্যার সঙ্গে বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলিমের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন রাষ্ট্রপক্ষের এক সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তরুনদের হত্যার সঙ্গে বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলিমের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই কর্মকর্তা দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সামনে সাক্ষ্য দিতে গিয়ে সাবেক এই বিএনপি নেতার গ্রামের বাড়ি জয়পুরহাটের এমন কতগুলো ঘটনার উল্লেখ করেছেন যেখানে তিনি ছিলেন মূল হোতা। তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ১১ জুন আব্দুল আলিমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ১৭টি অভিযোগ আনে। সাক্ষী ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এপ্রিলের মাঝামাঝিতে জয়পুরহাটে শান্তি কমিটি গঠনে প্রধান ভূমিকা পালন করেন আলিম। “এরপর তিনি জেলার অধীনে অন্য সব উপজেলায় শান্তি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন।” পরবর্তীতে আব্দুল আলিম স্থানীয় রাজাকার বাহিনীও গঠন করেন। “তিনি তার বাসভবনের নীচ তলায় সদস্য সংগ্রহ করতেন।” এই সাক্ষী আদালতকে বলেন, জয়পুরহাটে রাজাকার ও শান্তি কমিটির কার্যালয়ও স্থাপন করেছিলেন আব্দুল আলিম । তিনি পাকিস্তানি সেনাদের জন্য ক্যাম্প স্থাপন ও স্থানীয় কমান্ডার মেজর আফজাল বেগের থাকার ব্যবস্থাও করেন। আক্কেলপুরের অধিবাসী এই সাক্ষী বলেন, সেসময় ১৩-১৪ জনের একটি দল ভারতে পালানোর চেষ্টার সময় আলিমের এক সহযোগী স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আলী তাদের ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে এসে আটকে রাখেন এবং আলিমকে খবর দেন। “অন্ধকার হয়ে যাওয়ায় তারা রাতটা তার বাড়িতেই কাটাতে পারেন- এই কথা বলে চেয়ারম্যান সৈয়দ আলী তাদের প্রলুব্ধ করেন।” পরের দিন (৮ মে, ১৯৭১ সাল) আলিম একদল পাকিস্তানি সেনাসহ সেই বাড়িতে আসেন। তারা ওই ১৩-১৪ জনের মধ্য থেকে তিন জনকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেন। অপর ১০ জনকে স্থানীয় রেল স্টেশনের ওয়েটিং রুমে আটক করে রাখা হয়। সাক্ষীর বাল্যবন্ধু আব্দুস সালাম ঘটনার আরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। সাইদুর রহমান বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া ওই তিনজনকে খঞ্জনপুরের কুঠিবাড়ি ঘাটে নিয়ে গিয়ে আব্দুল আলিমের সামনে গুলি করা হয়।” বাকি ১০ জনকেও পরে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হলে তাদেরকে একটি পুকুরের পাশে দাঁড় করিয়ে গুলি করা হয়। “তাদের মধ্যে একজন আহত হলেও বেঁচে যান।” ওই ব্যক্তি কে তা ট্রাইব্যুনালের বিচারক ওবায়দুল হাসান জানতে চাইলে সাক্ষী বলেন, “সম্ভবত মোফাজ্জল হোসেন।” সাক্ষী বলেন, অপর এক ঘটনায় ১৫ যুবককে গাছের সঙ্গে বেঁধে বেদম পেটানো হয়। পরে তাদেরকে নিজেদের হাতে কবর খুঁড়তে বাধ্য করা হয় এবং তাদেরকে সেখানে গুলি করে হত্যা করা হয়। আর এসব ঘটনা ঘটে আব্দুল আলিমের নির্দেশে। ১৯৭১ সালের জুনের শেষের দিকে জয়পুরহাট শহরে গেলে সাইদুর রহমান জয়পুরহাট রেল স্টেশনের টিকেট কাউন্টারের কাছে বন্দি ২৬ যুবককে দেখতে পান। তিনি জানান, তিনি আব্দুল আলিম ও মেজর আফজালকে বন্দিদের সঙ্গে ছবি তুলতে দেখেছেন। স্থানীয় ফটো স্টুডিও’র মালিক জনৈক মোত্তাসির বিল্লাহ ওই ছবি তোলেন। তার সামনেই তদন্ত কর্মকর্তার জব্দ করা ওই ছবিটি আদালতে প্রামাণ হিসেবে হাজির করা হয়। সাইদুর রহমান ৮ অক্টোবরের আরেকটি ঘটনার বর্ণনা দেন, যেখানে আব্দুল আলিমের নির্দেশে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার চেষ্টার অপরাধে তিন যুবকের মুখে কালো কালি মেখে তাদেরকে শহর ঘুরানো হয়। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিণতি সম্পর্কে মানুষকে সতর্ক করতে এটা করা হয়েছিল। পরে ওই তিনজনকে হত্যা করা হয়। “তাদের মধ্যে আক্কেলপুরের ফজলুল করিম ছিল।” এই ঘটনাগুলো তিনি দেখেছেন কিনা ট্রাইব্যুনাল তা জানতে চাইলে সাইদুর রহমান বলেন, “কিছু আমি দেখেছি, কিছু আমি শুনেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এইচএ/২০২৪ ঘ.