ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বিচারকের অপসারণ চেয়ে একটি আবেদন ‘অর্থহীন’ আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
যুদ্ধাপরাধের বিচারের জন্য স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এক আদেশে বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই আবেদন সমর্থনযোগ্য না হওয়ায় এবং যুক্তিহীন হওয়ায় তা খারিজ করা হয়েছে।”
ওই আবেদনে বলা হয়েছিল, ট্রাইব্যুনালের স্বাধীনতা ও পক্ষপাতহীনতা নিয়ে যে কেই যৌক্তিকভাবে প্রশ্ন উত্থাপন করতে পারে। কারণ, বর্তমানে কারাগারে থাকা জামায়াতে ইসলামীর নেতাদের অনেকের বিচারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলনকারী শাহরিয়ার কবিরের সঙ্গে এই ট্রাইব্যুনাল সাক্ষাৎ করেছিল।
দুই ঘণ্টার বেশি সময় ধরে উপস্থাপিত আবেদনে জামায়াতের প্রধান কৌঁসুলি আব্দুর রাজ্জাক গণমাধ্যমে প্রকাশিত শাহরিয়ার কবিরের বিবৃতির ভিত্তিতে যুক্তি তুলে ধরেন।
রাজ্জাক বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘাতক ও দালালদের বিচারের গঠিত মঞ্চের নেতা শাহরিয়ার কবির বিচারাধীন ওই ব্যক্তিদের প্রকাশ্যে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে তাদের বিচার দাবি করেছেন। শুধু তাই নয়, কবির জামায়াতের দ্বিতীয় শীর্ষ নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার চলছে। একাত্তরে দলটির সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামান, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে।
এছাড়া গত ১৭ জুন গ্রেপ্তার হওয়া জামায়াতের অর্থের যোগানদাতা ও একাত্তরে আল-বদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মীর কাসেম আলী এবং ২২ অগাস্ট গ্রেপ্তার হওয়া দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধেও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে।
প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী আবেদনটির বিরোধিতা করে ট্রাইব্যুনালকে বলেন, ওই সমস্ত প্রতিবেদনের মধ্যে এমন কোনো বার্তা নেই যা ট্রাইব্যুনালের বিরুদ্ধে যৌক্তিক পক্ষপাতের বিষয়ে প্রশ্ন তুলতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২২৩৩ ঘ.
bdnews24