২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনলের সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সুযোগ-সুবিধা আরো বাড়াতে প্রধানমন্ত্রীর প্রতি সুপারিশ জানিয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করে আসা কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 06:31 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সুযোগ-সুবিধা আরো বাড়াতে প্রধানমন্ত্রীর প্রতি সুপারিশ জানিয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করে আসা কয়েকটি সংগঠন। পুরনো হাই কোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনাল ঘুরে দেখার একদিন পর সোমবার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, ঘাতক-দালাল নির্মূল কমিটির সংগঠক মুনতাসির মামুন, শ্যামলী নাসরিন চৌধুরী, প্রজন্ম একাত্তরের শাহীন রেজা নূর, আলী আকবর টাবিসহ উদীচী ও সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধিও এই সংবাদ সম্মেলনে ছিলেন। শাহরিয়ার কবির ট্রাইব্যুনালকে পর্যাপ্ত সম্পদ ও আনুষঙ্গিক জিনিস বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ট্রাইব্যুনাল নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এখানে আরো অনেক বেশি সম্পদ বরাদ্দ করা দরকার। তিনি বলেন, ট্রাইব্যুনালের নিবন্ধন কার্যালয়ে এখন ১৩ জন কাজ করছেন। এখানে ১৫০ জন থাকা দরকার। “এখানে কোনো ক্যান্টিন নেই, মিডিয়া সেন্টার নেই, যা ট্রাইব্যুনালে থাকা উচিত,” বলেন শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সহায়তায় গবেষক দল না থাকার পাশাপাশি একটি গ্রন্থাগার না থাকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। ট্রাইব্যুনালের বিচারকদের নিরাপত্তা আরো জোরদারের দাবিও তোলা হয় সংবাদ সম্মেলনে। ট্রাইব্যুনালে ক্লোজসার্কিট ক্যামেরা না থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শাহরিয়ার কবির। দুটি ট্রাইব্যুনালে যে ১০টি মামলা চলছে, তার বিচার ২০১৩ সালের মধ্যে শেষ করতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহ্বান জানান একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/০০২৫ ঘ.