ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেছে আসামি পক্ষের কৌঁসুলিরা।
গত ৮ এপ্রিলে সাক্ষ্য দেওয়ার পর ২৫ এপ্রিল এএসপি হেলালউদ্দিনকে জেরা শুরু হয়। চার মাস ধরে তাকে জেরা করেন সাইদীর কৌঁসুলিরা, সোমবার তা শেষ হয়।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২ অগাস্ট ২৮ জুলাইয়ের মধ্যে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করতে আসামি পক্ষকে সময় বেঁধে দেয়।
ওই সময়ের মধ্যে আসামি পক্ষ জেরা শেষ করতে না পারায় ১৩ অগাস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়।
সাঈদীর প্রধান কৌঁসুলি হিসেবে মূলত মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। তার সঙ্গে অন্য কৌঁসুলি মনজুর আহমেদ আনসারিও মাঝে মাঝে জেরা করেছেন।
যুদ্ধাপরাধের মামলার আসামিদের মধ্যে সাঈদীর মামলা সবচেয়ে বেশি এগিয়েছে। তদন্ত কর্মকর্তাকে জেরার পর আসামি পক্ষের সাক্ষীরা সাক্ষ্য দেবেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদী অভিযুক্ত হন।
২০১০ সালের ২৯ জুন সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয়জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২১০২ ঘ.
bdnews24