২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলা: জেরা শেষ করতে আসামি পক্ষকে তাগিদ

সোমবারের মধ্যে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করতে হবে বলে দেলাওয়ার হোসাইন সাঈদীর কৌঁসুলিকে কয়েকবার সতর্ক করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের মধ্যে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করতে হবে বলে দেলাওয়ার হোসাইন সাঈদীর কৌঁসুলিকে কয়েকবার সতর্ক করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাঈদীর কৌঁসুলিরা তদন্ত কর্মকর্তা এএসপি হেলাল উদ্দিনকে ৪৭ দিনের মতো জেরা করেন। এর আগে আদালত শুরুর পরই প্রসিকিউটর সুলতান মাহমুদ জামায়াতের মজলিসে শূরার সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়ে পুরো তদন্ত শেষ করতে আরো সময় চান। ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে সময় বাড়িয়ে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন এবং এই সময়ের তা করতে ব্যর্থ হলে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে বলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদীকে অভিযুক্ত করেন তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল। বেলা ৩টায় আসন ত্যাগের আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক প্রস্তার দেন যে, আসামি পক্ষ আরো কিছুক্ষণ জেরা করতে চাইলে আদালত আরো আধঘণ্টা চলতে পারে। আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এদিন আর জেরা করতে আগ্রহ দেখাননি। বিচারপতি হক তখন মনে করিয়ে দেন, “আগামীকাল আপনার (জেরার) শেষ দিন।” তখন মিজানুুল ইসলাম আদালতকে বলেন, “আমি আপনার আদেশ শুনেছি এবং তা বুঝেছি। আপনার কথা আমার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়নি। সেগুলো হৃদয়ের খুব কাছাকাছি রাখা আছে।” বুধবার ট্রাইব্যুনাল জেরার সময় দুই দিন বাড়িয়ে সোমবারের মধ্যে জেরা শেষ করার আদেশ দেন। এদিকে রোববার দ্বিতীয় ট্রাইব্যুনালে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের সপ্তম সাক্ষী আব্দুল মজিদ পালোয়ানকে জেরা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩০০ ঘ.