ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বয়স ও নাম পরিবর্তনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটির সদস্য হুইপ শেখ আব্দুল ওহাবকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়, যারা এই অভিযোগ তদন্ত করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. শাহ আলম এবং বীরেন শিকদার।
এক তথ্য বিবরণীতে বলা হয়, এই কমিটি সাঈদীর বয়স ও নাম সংশোধনের বিষয়ে অধিকতর তদন্তের মাধ্যমে এর আইনগত ভিত্তি ও সংশ্লি¬ষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।
সাবেক সংসদ সদস্য সাঈদীর প্রথম সনদ অনুযায়ী, ১০ বছর বয়সে দাখিল পাস করেন তিনি।
কিন্তু ২০০৮ সালের ১০ নভেম্বর নির্বাচনের আগে তিনি দাখিল ও আলিম পাসের সনদে নাম ও বয়স পরিবর্তন করেন বলে অভিযোগ উঠেছে।
১৯৫৭ সালে মাদ্রাসা বোর্ড থেকে দেওয়া দাখিল পাসের সনদ অনুযায়ী সাঈদীর নাম আবু নাইম মোহাম্মদ দেলাওয়ার হোসাইন সাঈদী। পরবর্তীতে নাম পরিবর্তন করে হন দেলাওয়ার হোসাইন সাঈদী।
সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, মো. শাহ আলম ও মমতাজ বেগম ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯১৭ ঘ.
bdnews24