ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয়বারের মতো রুদ্ধদ্বার শুনানিতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার এক সাক্ষীর পুনরায় সাক্ষ্যগ্রহণ হয়েছে।
প্রসিকিউশনের নবম সাক্ষী পরাগ ধর পুনরায় সাক্ষ্য দিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসেন। তিনি ২৬ জুলাই সাক্ষ্য দেওয়ার সময় নিজের নামও বলেননি।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম শুধু আইনজীবী ও বিচারকদের উপস্থিতিতে এই সাক্ষীকে আবার হাজির করার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।
ট্রাইব্যুনাল আবেদন মেনে নিয়ে শুধু তিন প্রসিকিউটর ও আসামি পক্ষের দুই কৌঁসুলির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন।
রুদ্ধদ্বার কক্ষে শুনানিতে কী হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সালাউদ্দিন কাদের গত ৪ এপ্রিল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ২৩ ঘটনায় অভিযুক্ত হন।
সালাউদ্দিনের মামলার সাক্ষীর সাক্ষ্য রুদ্বদ্বার কক্ষে নেওয়ার পর প্রকাশ্য আদালতে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার তদন্ত কর্মকর্তার জেরা হয়।
এএসপি মোহাম্মদ হেলাল উদ্দিন ৪৫দিনের মতো জামায়াতের মজলিশে শূরার এই সদস্যের কৌঁসুলিদের মুখোমুখি হন।
গতবছরের ৩ অক্টোবর হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
দিনের কার্যক্রম শেষের আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক সাঈদীর কৌঁসুলিকে স্মরণ করিয়ে দেন যে বুধবারের মধ্যে তাকে তদন্ত কর্মকর্তার জেরা শেষ করতে হবে।
জবাবে আসামি পক্ষের কৌঁসুলি বলেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
২ জুলাই এক আদেশে ট্রাইব্যুনাল বুধবারের মধ্যে তদন্ত কর্মকর্তার জেরা শেষ করার সময় বেঁধে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২২৫৪ ঘ.
bdnews24