ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে অবমাননার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগ করেছেন।
ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবীর এই আবেদনের শুনানির জন্য ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি এ টি এম ফজলে কবির আগামী ২৭ অগাস্ট দিন ঠিক করেছেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত ২৭ জুলাই এক সভায় সাজেদা চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ করা হয়েছে।
আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে পরদিন দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “রাজাকাররা আইন মেনে একাত্তরে নির্যাতন করেনি। কাজেই এত আইন দেখলে হবে না। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু/একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন নিয়ে কপচানি বন্ধ হবে।”
যুদ্ধাপরাধের অভিযোগে অন্তরীণ জামায়াতের শীর্ষ দুই নেতার কৌঁসুলি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতাদের (জামায়াত) নিরপরাধ ধরে নিয়ে বিচার কার্যক্রম চলছে। কিন্তু তিনি (সাজেদা চৌধুরী) এমন মন্তব্য করেছেন, যাতে মনে হবে তারা অপরাধী।”
“সাজেদা চৌধুরী একজন সম্মানিত ব্যক্তি। তার মন্তব্য বিচারের স্বাভাবিক গতিকে ব্যাহত করবে,” বলেন তিনি।
রাজ্জাক জানান, সাজেদা চৌধুরীর বক্তব্যের প্রমাণ হিসেবে তিনি দৈনিক আমার দেশ আদালতে উপস্থাপন করেছেন।
সাজেদার উদ্ধৃতি দিয়ে বিএনপি সমর্থক দৈনিক আমার দেশের প্রতিবেদনে আরো বলা হয়, “ওরা (যুদ্ধাপরাধীরা) যখন ’৭১ সালে আমার ভাইকে হত্যা করেছিল, মেয়েদের ঘর থেকে বের করে নিয়ে গেছে, তখন কোথাও আইন ছিল না। অনেকেই প্রশ্ন তোলে, যুদ্ধাপরাধীদের বিচারে এত আইন-কানুনের কী দরকার? তারা (স্বাধীনতা বিরোধীরা) যখন অত্যাচার করেছে, তখন কোন আইন দেখে করেছিল? আইন দেখে আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি।”
সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তার জেরা
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মোহাম্মদ হেলালউদ্দিনকে রোববারও ৪৩তম দিনের মতো জেরা করেছে আসামি পক্ষ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীর কৌঁসুলিকে আগামী বুধবারের মধ্যে জেরা শেষ করার নির্দেশ দিয়েছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম নিষ্পন্ন হওয়ার পর্যায়ে রয়েছে সাঈদীর মামলা। একাত্তরে গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসিকিউশনের ২৮তম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন ৮ এপ্রিল থেকে আট দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
এদিকে দ্বিতীয় ট্রাইব্যুনালে রোববার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কৌঁসুলিরা এক সাক্ষীকে জেরা করেন।
রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী সাইফুদ্দিন মোল্লা বলেন, তিনি একাত্তরে কামরাঙ্গীরচরের আলোকদী গ্রামে অনেক মানুষকে হত্যার সময় আব্দুল কাদের মোল্লাকে উপস্থিত থাকতে দেখেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২০৩৫ ঘ.
bdnews24