ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা যুদ্ধাপরাধের মামলার তদন্ত কর্মকর্তার জেরা আগামী ৮ অগাস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়।
প্রসিকিউসনের ২৮তম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. হেলালউদ্দিন আসামি পক্ষের জেরার কারণে আট দিনের বেশি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
এদিন হেলালউদ্দিন ৪২তম দিনের মত আসামি পক্ষের কৌঁসুলিদের মুখোমুখি হয়ে পুরো দিনেই জেরার জবাব দেন।
গত ৮ এপ্রিল থেকে ট্রাইব্যুনালে এই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া শুরু হয়।
বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, বৃহস্পতিবার দিনের কার্যসূচির মধ্যে জেরা শেষ হবে বলে তিনি আশা করলেও তা হয়নি।
এ বিষয়ে কোন আদেশ দেওয়া থেকে বিরত রাখতে আসামি পক্ষের চেষ্টার মধ্যেই বিচারপতি সময় বেঁধে দেন। তার মতে, আসামি পক্ষ ও প্রসিকিউসন উভয় পক্ষের জন্য এ আদেশ সুবিধাজনক হবে।
আদেশে উল্লেখ করা হয়, গত সপ্তাহে জেরা করা হয়েছে। জেরায় সংশ্লিষ্টতা নেই এমন প্রশ্নও করা হচ্ছে, তাই আদালত আর বেশি এগোতে চায় না।
আদেশে বলা হয়, “কিছু প্রশ্ন অবশ্যই বাদ দেওয়া যেতে পারে।”
নিষ্পন্ন হওয়ার পথে প্রথম মামলা
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম নিষ্পন্ন হওয়ার পর্যায়ে রয়েছে সাঈদীর মামলা। একাত্তরে গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৩১টি ঘটনায় গত ৪ সেপ্টেম্বর প্রসিকিউশন তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। ৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় তাকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০১০ সালের ২৯ জুন সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয়জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
ট্রাইব্যুনাল জামায়াতের সাবেক আমির গোলাম আজমকেও ১১ জানুয়ারি কারাগারে পাঠায়। ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি শুরু হয় এবং ১৩ মে আদালত তাকে অভিযুক্ত করে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও আব্দুল কাদের মোল্লাও যুদ্ধাপরাধের মামলায় কারাগারে রয়েছেন। জামায়াতের আর্থিক যোগানদাতা মীর কাশেম আলীও সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
বর্তমানে কারাগারে থাকা বিএনপির সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীও ৪ এপ্রিল যুদ্ধাপরাধের ২৩টি ঘটনায় অভিযুক্ত হয়েছেন।
শুধু বিএনপির সাবেক সাংসদ ও মন্ত্রী আব্দুল আলিম জামিনে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২১২৪ ঘ.
bdnews24