২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাম আজম রাজাকারের নেতৃত্ব দেন’

জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আজম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসেবে কাজ করা রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এক সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আজম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসেবে কাজ করা রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। মঙ্গলবার যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরার সময় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী ঢাকার সাবেক পুলিশ সুপারিনটেন্ডেন্ট মাহবুব উদ্দিন আহমেদ এ তথ্য জানান। সাক্ষ্যে তিনি বলেন, “যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের হাতে আটক পাকিস্তানি বাহিনীর সশস্ত্র সহযোগীরা তাকে জানান রাজাকার, আল বদর ও আল শামসের মতো বাহিনীগুলো গোলাম আজম ও জামায়াতের সহযোগীরা পরিচালনা করছে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মাহবুব উদ্দিন যুদ্ধ শুরুর সময়ে একটি মহকুমার প্রধান ছিলেন। পরে তিনি একটি সাবসেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন। গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, গোলাম আজম শান্তি কমিটি গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন। মুক্তিযুদ্ধ বানচাল করতে এই কমিটি সশস্ত্র বাহিনী গঠন করে, যারা পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন বর্বর কর্মকা- ঘটিয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে ট্রাইব্যুনাল গত ১৩ মে ‘জামায়াতের গুরু’ হিসাবে পরিচিতি গোলাম আযমের বিচার শুরুর আদেশ দেয়। গোলাম আযমের আইনজীবীরা মামলাটি অন্য ট্রাইব্যুনালে স্থানান্তর এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেও গত ১৮ জুন তা খারিজ করে দেয় আদালত। জেরার এক পর্যায়ে আসামি পক্ষের কৌঁসুলি মিজানুল ইসলাম মাহবুব উদ্দিনকে বলেন, ২৫ মার্চের পর বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে শান্তি কমিটি গঠন করা হয়। তখন পাকিস্তানি সেনারা নিরপরাধ মানুষের উপর বর্বর নির্যাতন চালায় এবং নির্বিচারে হত্যা করে, যার ফলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। কৌঁসুলির সঙ্গে স্পষ্ট দ্বিমত পোষণ করে মাহবুব উদ্দিন আহমেদ বলেন, “তাই যদি হয় তাহলে শান্তি কমিটি পাকিস্তান সেনাবাহিনীর কর্মকা-ে সহযোগিতা করেছিল কেন?” জেরার এক পর্যায়ে আসামির কৌঁসুলি শান্তি কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে কোনো প্রামাণ আছে কিনা জানতে চাইলে সাক্ষী বলেন, যেহেতু তিনি এ ধরনের কোনো দায়িত্বে ছিলেন না, তাই তার কাছে কোনো প্রমাণ নেই। এ সংক্রান্ত আরো কিছু প্রশ্নের জবাবেও একই জবাব দেন মাহবুব উদ্দিন। যুদ্ধের সময় তার নেতৃত্বাধীন এলাকায় রাজাকার, আল বদর ও আল শামসের অধিনায়কদের সম্পর্কের নিজের অজ্ঞতা প্রকাশ করে মাহবুব উদ্দিন বলেন, “আমি যুদ্ধ করছিলাম এবং সেসময় নবম পাঞ্জাব রেজিম্যান্টকে মোকাবেলা করছিলাম। এ সমস্ত বাহিনীর প্রধান কারা ছিল তা বের করার সময় আমার ছিল না।” জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র সংঘের বিষয়ে প্রশ্নগুলোরও একই উত্তর দেন তিনি। পরে মধ্যাহ্নের বিরতির আগ পর্যন্ত আসামির কৌঁসুলিরা মাহবুব উদ্দিনকে জেরা করেন। এদিকে গোলাম আজমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জবানবন্দি নেওয়ার জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এদিন আসামি পক্ষ আরেক জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার তদন্ত কর্মকর্তাকে ৪০তম বারের মত জেরা করেন। সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মোহাম্মদ হেলাল উদ্দিনের জেরা মঙ্গলবারও চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২২১০ ঘ.