২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালআসামি পক্ষের সাক্ষীদের বিষয়ে তদন্ত চান আমু

একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে সাক্ষী হিসাবে তালিকাভুক্তদের বিরুদ্ধেও একই অভিযোগ আছে কি-না, তা তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে সাক্ষী হিসাবে তালিকাভুক্তদের বিরুদ্ধেও একই অভিযোগ আছে কি-না, তা তদন্তের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। শনিবার প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে শুধু বক্তৃতা না দিয়ে রাস্তায় আসতে হবে।” মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ১৫ হাজার মানুষের তালিকা জমা পড়ার কথা উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “এদের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। আমার মনে হয়, এদের বিরুদ্ধে তদন্ত করা গেলে আরো অনেক যুদ্ধাপরাধী বের হয়ে আসবে। তখন তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে।” আমুর দাবি, এই সাক্ষীদের ‘অধিকাংশই’ রাজাকার-আলবদর সদস্য ছিল। তাদের নেতারা এখন কাঠগড়ায়। তারাতো তাদের নেতাদের বাঁচাতে আসবেই”, যোগ করেন তিনি। স¤প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান এবং কাদের মোল্লার পক্ষে সাক্ষীর তালিকা জমা দেন তাদের আইনজীবীরা। এই চার জনের পক্ষে সাক্ষীর সংখ্যা ১৫ হাজারেরও বেশি। আমু বলেন, “মুখে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আমরা সবাই কথা বলি। কিন্তু যে কাজ করলে যুদ্ধাপরাধীদের সত্যিকার অর্থে মোকাবেলা করা যাবে, সেই কাজ কি আমরা ঐক্যবদ্ধভাবে করছি?” মুক্তিযুদ্ধে স্বপক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হলে বিপক্ষের শক্তি ক্ষমতায় আসতে পারবে না- মন্তব্য করে আমু বলেন, “ইতিহাসে যতবার আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ততবারই আমরা জয়লাভ করেছি।” যুদ্ধাপরাধীদের বিচার ‘চূড়ান্ত বিচারে’ একটি রাজনৈতিক বিষয়- এমন মন্তব্য করে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বিচার শেষ করতে আওয়ামী লীগকে দুইবার ক্ষমতায় আসতে হয়। “আইনের শাসন এমনিতে চলমান থাকে না। ম্যানুয়াল্লি এটা চালাতে হয়। অটোমেটিক সুইচ টিপে চলে না। ম্যানুয়াল্লি চালাতে হলে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সুইচ টিপে দিতে হয়।” ‘গণতন্ত্র নিরাপদ করতে সা¤প্রদায়িকতা-জঙ্গীবাদের অবসান’- শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিগত ৪০ বছরেও যুদ্ধাপরাধী জামায়াত শোধরায়নি, বদলায়নি, ভুল স্বীকার করেনি এবং গণতন্ত্রকে মেনে নেয়নি। “তাই গণতন্ত্রকে নিরাপদ করতে, টিকিয়ে রাখতে চাইলে রাজনীতি থেকে যুদ্ধাপরাধী, সা¤প্রদায়িক ও জঙ্গীবাদীদের ঝেড়ে ফেলতে হবে, বর্জন করতে হবে, বিতাড়িত করতে হবে।” ২০১৪ সালের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ মন্তব্য করে ইনু বলেন, “এই নির্বাচন কোনো ধরনের সরকারের অধীনে হবে, কারা নির্বাচন পরিচালনা করবে, নির্বাচন কমিশনের কতটুকু ক্ষমতা থাকবে- এসব বিষয়ে আলোচনা চলবে। এইগুলো নিয়ে জাতীয় ঐকমত্য থাকা দরকার বলেও আমি মনে করি।” অন্যদের মধ্যে জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, পঙ্কজ ভট্টাচার্য, নারী প্রগতি সংঘের নির্বাহী সভাপতি রোকেয়া কবির, ফেরদৌসী প্রিয়ভাষিনী, শিরিন আক্তার আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৭২৫ ঘ.