২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালবিদেশি আইনজীবী আনতে জামায়াতের ‘নতুন’ যুক্তি

বার কাউন্সিল নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা এখন নতুন করে আবেদন করতে যাচ্ছেন। সুলাইমান নিলয়ের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য নতুন করে উদ্যোগী হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। সম্প্রতি বার কাউন্সিল নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা নতুন করে আবেদন করতে যাচ্ছে। তারা বলছে, বার কাউন্সিল বিশেষ ‘অনাপত্তিপত্র’ দিলেই তারা আইনজীবী আনতে পারবে। জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশি আইনজীবী নিয়োগে আমরা গত বছর ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল বিষয়টি বার কাউন্সিলের ওপর ছেড়ে দিয়েছিল। কিন্তু পরে বার কাউন্সিল আমাদের আবেদন খারিজ করে দেয়।” “ইতোমধ্যে বার কাউন্সিলে নির্বাচন হয়েছে। সেখানে নতুন নেতৃত্ব আসছে। তারা দায়িত্ব নেওয়ার পর আমরা আবার আবেদন করব”, বলেন তাজুল। গত ১৮ জুলাই অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে ১৪টি সদস্য পদের মধ্যে ৯টিতেই বিজয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। স্বাধীনতার পর এবারই প্রথম বিএনপি-জামায়াতপন্থীরা দেশের আইনজীবীদের এই নিয়ন্ত্রক সংস্থায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুল- ১৯৭২ এর ৫ নম্বর ধারা অনুসারে, ১৫ সদস্যের বার কাউন্সিলের মধ্যে ১৪ জন সাধারণ আইনজীবীদের ভোটে সদস্য নির্বাচিত হন। পরে নির্বাচিত সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন। আর পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাটর্নি জেনারেল। ১৪টি সদস্য পদের মধ্যে ৯টি পাওয়ায় এবার স্পষ্টতই বার কাউন্সিলের কমিটি গঠন করছে ঐক্য প্যানেল। অ্যাডভোকেট তাজুল বলেন, “ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে কিউসি, টবি ক্যাডম্যান এবং জন ক্যামেগকে আমরা আনতে চাচ্ছি। তারা আমাদের মক্কেলদের পক্ষে মামলা লড়তে সম্মতিও দিয়েছেন। বর্তমানে তারা আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করছেন।” সাবেক যুগোসøাভ প্রেসিডেন্ট সেøাবোদান মিলোসেভিসের পক্ষে আদালতের নিয়োগ পাওয়া আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করেন স্টিভেন। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিলোসেভিসের বিরুদ্ধেও গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু বিচার চলাকালেই তার মৃত্যু হয়। টবি ক্যাডম্যান বসনিয়ায় যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে প্রসিকিউশন দলে কাজ করেছেন। কিছুদিন তিনি ওই ট্রাইব্যুনালে আসামিপক্ষেও কাজ করেন। এছাড়া জন ক্যামেগ ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সিয়েরা লিয়নের গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারে গঠিত বিশেষ আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন। বিদেশি আইনজীবী নিয়োগে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে গত বছর ট্রাইব্যুনালে আবেদন করা হয়। কার্যপ্রণালী বিধির একটি বিধানের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করে বিষয়টি বার কাউন্সিলের ওপর ছেড়ে দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যপ্রণালী বিধি-৪২ এ বলা হয়েছে, কোনো মামলায় যে কোনো পক্ষকে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দেওয়া যাবে, যদি বাংলাদেশ বার কাউন্সিল তাতে অনুমোদন দেয়। যুদ্ধাপরাধের মামলায় আটক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যরিস্টার আব্দুর রাজ্জাক গত বছরের ১২ জুলাই বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চাওয়ার পর ট্রাইব্যুনালের নিবন্ধক (বর্তমানে ট্রাইব্যুনাল-২ এর বিচারক) মো. শাহিনুর ইসলাম বলেন, বার কাউন্সিলের অনুমতি নিয়ে তারপর এ ব্যাপারে ট্রাইব্যুনালে আসতে হবে। কিন্তু ২০১১ সালের ২৩ জুলাই বার কাউন্সিলের চেয়ারম্যান ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য কাউকে বার কাউন্সিলের সনদ দেওয়ার বিধান নেই। বারের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সনদ দেওয়ারও সুযোগ নেই। “এক্ষেত্রে বিদেশি কোনো আইনজীবীর এ দেশের আদালতে মামলা পরিচালনার এখতিয়ার নেই। এসব বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন।” বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুল-১৯৭২ এর ২৭ ধারায় আইনজীবী হিসাবে কোনো আদালতে মামলা লড়তে পাঁচটি শর্তের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো- ওই ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বার কাউন্সিলে বিএনপি-জামায়াতপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাজুল ইসলাম বলছেন, বিদেশি আইনজীবী আনতে ওই নিয়ম ভাঙার প্রশ্ন নেই। কারণ তারা ওই বিদেশিদের জন্য বার কাউন্সিলের নিবন্ধন চাচ্ছেন না। “এটা অনেকটা অনাপত্তিপত্রের মতো। কারণ ট্রাইব্যুনালে বিশেষ ধরনের বিচার চলছে। এখানে সাধারণ অনেক আইনই কার্যকর নয়। তাই তাদের এখানে মামলা পরিচালনার অনুমতি দেওয়া যেতে পারে।” আগেরবার আবেদনে শুধু অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল কি-না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “ওই সময় আমরা তাড়াহুড়ো করে আবেদন করেছিলাম। একারণে সবগুলো গ্রাউন্ড যথাযথভাবে ঠিক করা হয়নি।” তবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী হিসাবে বার কাউন্সিলের সর্বশেষ নির্বাচনে নির্বাচিত সদস্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান আইনে বার কাউন্সিলে কেউ কেবল সংখ্যাগরিষ্ঠতার জোরে বিদেশি আইনজীবীকে এ দেশের কোনো আদালতে আইন ‘প্র্যাকটিস’ করার অনুমতি দিতে পারবে না। “অনুমতি দিতে হলে আইন সংশোধন করতে হবে। আর কেবল সংসদই আইন পরিবর্তন করতে পারে। বার কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এখানে কিছু করা যাবে না। অনাপত্তিপত্র দেওয়ার কোনো বিধানও আইনে নেই।” জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য খন্দকার মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো বিদেশি আইনজীবীকে ট্রাইব্যুনালে কারো পক্ষে লড়তে হলে বার কাউন্সিলের অনুমতি নিতে হবে। অনুমতি দেবে কি-না, সেটা বার কাউন্সিলের ওপর নির্ভর করবে। “তবে আমি মনে করি, বর্তমান আইনেই বিশেষ বিবেচনায় ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগে বার কাউন্সিল অনুমতি দিতে পারে। আগরতলা মামলায় বঙ্গবন্ধুর পক্ষে বিদেশি আইনজীবী এসেছে। বর্তমান আইনেও আসতে পারে।” এদিকে লন্ডনের অ্যান্থনি বেরি কিউসির চেম্বারের আইনজীবীর স্টিভেন কে কিউসি, টবি ক্যাডম্যান এবং জন ক্যামেগ গত বছর নভেম্বরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক নাসিমের পদত্যাগ চেয়ে রেজিস্ট্রার ও গণমাধ্যমে ই-মেইল করায় তাদের বিরুদ্ধে একটি আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছর ১৪ নভেম্বর দেওয়া ওই আদেশে তিন আইনজীবীর বিরুদ্ধে ব্রিটিশ বারের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে ব্রিটিশ বার স্ট্যান্ডার্ড বোর্ডের সঙ্গে যোগাযোগ করার জন্য ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া গত বছরের ৫ অগাস্ট টবি ক্যাডম্যান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নিজেকে সাঈদীর আইনজীবী পরিচয় দিয়ে ভিসা চাইলেও ওয়ার্ক পারমিট না থাকায় তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় ইমিগ্রেশন বিভাগ। এর আগে তিনি কয়েকবার পর্যবেক্ষক হিসাবে ট্রাইব্যুনালের আদালত কক্ষে উপস্থিত থাকেন। ২০১০ সালে যুদ্ধাপরাধ বিষয়ক একটি সেমিনারে অংশ নিতে টবি ও স্টিভেন প্রথম বাংলাদেশে আসেন। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বর্তমানে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী কারাবন্দি রয়েছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং বিএনপি সরকারের সাবেক মন্ত্রী আব্দুল আলিম শর্তসাপেক্ষে জামিনে আছেন। বর্তমানে জামায়াত নেতাদের পক্ষে প্রধান আইনজীবী হিসাবে কাজ করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/জেকে/১৩১৬ ঘ.