ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে নির্বিচারে মানুষ হত্যার পরিকল্পনায় ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত গোলাম আযম রমজানে মসজিদে এতিকাফ এবং তারাবির নামাজ পড়তে জামিন চেয়েছেন।
জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমিরের হয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন তার আইনজীবী এবং দলটির নেতা আব্দুর রাজ্জাক।
জামিনের আবেদনের শুনানিতে ব্যারিস্টার রাজ্জাক বলেন, ১৯৯৮ সাল ছাড়া গত ৩০ বছর ধরে গোলাম আযম রমজান মাসে তারাবি নামাজ মসজিদে জামায়াতে আদায় করে আসছেন।
গত ১০ বছর ধরে গোলাম আযম রমজান মাসে মসজিদে ইতিকাফে বসে কাটাচ্ছিলেন বলেও জানান তিনি।
রাজ্জাক বলেন, “তিনি (গোলাম আযম) মনে করেন, এটাই তার জীবনের শেষ বছর। কারাগারে থেকে জামায়াতে নামাজ পড়া বা মসজিদে ইতিকাফ করা সম্ভবপর নয়।”
জামিনে মুক্তির জন্য শর্ত পালনেও গোলাম আযম রাজি রয়েছেন বলে জানান তিনি।
জামিনের এই আবেদনের বিরোধিতা করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “অনেক ধর্মপ্রাণ মানুষ নৃশংসতার কারণে ১৯৭১ সালে তাদের ধর্ম পালন করতে পারেনি। তারা এখনো তা ভুলতে পারেননি।”
বিচারের এ পর্যায়ে সাক্ষীরা যখন প্রমাণ উপস্থাপন করছেন তখন গোলাম আযমকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই, বলেন তিনি।
রাজ্জাক আবার বলেন, আসন্ন রমজানকে জীবনের ‘শেষ’ রমজান মনে করছেন গোলাম আযম। তাই তিনি নামাজ ও অন্যান্য ধর্মকর্ম আগের বছরগুলোর মতো পালন করতে চান।
ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ কে এম জহির আহমেদ তখন জানতে চান, “কেন তিনি (গোলাম আযম) এই রকম চিন্তা করছেন?”
কৌসুঁলির জবাব, “আমি জানি না।”
এরপর ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক জানান, বুধবার ট্রাইব্যুনাল এবিষয়ে আদেশ দেবে।
যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা গোলাম আযম এই বছরের ১১ জানুয়ারি থেকে কারা হেফাজতে রয়েছেন। তবে তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে।
গোলাম আযমের জামিন আবেদন ছাড়া মঙ্গলবার পুরো দিনেই জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর যুদ্ধাপরাধ মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মোহাম্মদ হেলাল উদ্দিনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
এছাড়া দ্বিতীয় ট্রাইব্যুনালে জামাযাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী একজন মহিলার ক্যামেরা সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩০৪ ঘ.
bdnews24