তানিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ১৩ এপ্রিল সালাহউদ্দিন কাদের চৌধুরীর উপস্থিতিতে তার পরিবারের পাঁচজনকে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে হত্যা করে- ট্রাইব্যুনালে এক সাক্ষী একথা বলেছেন।
চট্টগ্রাম জেলা আদালতের আইনজীবী নির্মল চন্দ্র শর্মা সাক্ষ্যে বলেন, ওই হত্যাকাণ্ডের সময় অলৌকিকভাবে বেঁচে যান তিনি।
চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পাকিস্তানি সেনারা কীভাবে হত্যা করে সোমবার ট্রাইব্যুনালে তার বর্ণনা তুলে ধরেন নির্মল চন্দ্র।
মা, ভাতিজা ও চাচার মৃতদেহ পড়ে থাকার দৃশ্য মনে করে বেশ কয়েকবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
৬৭ বছর বয়সী এই আইনজীবী বলেন, সে সময় তার আরেক চাচা মাথায় গুলিবিদ্ধ হন এবং পাকিস্তানি সেনারা চলে যাওয়ার পর সাহায্যের জন্য কাতরাচ্ছিলেন তিনি। তার কয়েক দিন বাদেই তিনি মারা যান।
নির্মল চন্দ্র বলেন, তার বাবার হাতে গুলি করা হয় এবং পায়েও আঘাত করা হয়। স্বাধীনতার পর পঙ্গু হয়ে পাঁচ বছর বেঁচে ছিলেন তিনি।
পাকিস্তানি সেনারা বাড়ির আঙিনায় পরিবারের সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে। এর ঠিক আগ মুহূর্তে তিনি একপাশে পড়ে বেঁচে যান বলে জানান নির্মল চন্দ্র।
তিনি জানান, পাকিস্তানি সেনারা চলে যাওয়ার পর এক ভাইয়ের সঙ্গে পালিয়ে যান তিনি। ভারতের আগরতলায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
মধ্যাহ্নবিরতির প্রায় আধা ঘণ্টা আগে জবানবন্দি শেষ করেন সাকার চৌধুরীর বিপক্ষে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী নির্মল চন্দ্র।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ২৩টি ঘটনায় গত ৪ এপ্রিল সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এর আগে পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষীকে জেরা শেষ করেছে আসামিপক্ষের আইনজীবীরা।
এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনের আদেশের দিন ১৫ জুলাই নির্ধারণ করেছে একই ট্রাইব্যুনাল।
নির্মলের বক্তব্য
নির্মল চন্দ্র ১৯৭১ সালের ১২ এপ্রিল থেকে ঘটনার বর্ণনা দেন। পাকিস্তানি সেনাবাহিনী আগের সপ্তাহে চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন।
“এ ঘটনা আমাদের খুব আতঙ্কিত করে এবং কোথায় যাব ও কী করব, তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।”
পরদিন খুব ভোরে তারা গ্রাম ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন। এরই মধ্যে কাছাকাছি একটি মসজিদ থেকে লাউড স্পিকারে কাউকে বাড়ি ছাড়তে নিষেধ করা হয় বলে নির্মল জানান।
“কারো কিছু হবে না। একটি শান্তি কমিটি গঠিত হয়েছে- মসজিদ থেকে এ ঘোষণা আসায় আমরা আশ্বস্ত হই।”
এমনকি সাক্ষীর এক চাচা পুরো পরিবার নিয়ে গ্রাম ছেড়ে যাওয়ার পর ওই ঘোষণা শুনে ফিরে আসেন।
ওই ঘোষণায় আরো বলা হয়, কেউ পালিয়ে গেলে তাদের বাড়ি লুট করা হবে।
১৩ এপ্রিল দুপুরে খাবার খাওয়ার সময় বাড়ির দরজায় পাকিস্তানি সৈন্যরা হাজির হয়। “সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের সঙ্গে ছিলেন,” বলেন নির্মল।
পাকিস্তানি সেনারা নির্মলকে বেরিয়ে আসতে বলে। তারা বারবার নিশ্চয়তা দেয় যে, তাকে আঘাত করা হবে না। কিন্তু সে বেরোনোর সঙ্গে সঙ্গে সেনারা চেঁচিয়ে বলে, ‘হ্যান্ডস আপ!’
“আমি হাত ওপরে তুললাম এবং কাউকে জড়িয়ে ধরব কি না তা নিয়ে সংশয়ে পড়লাম। কিন্তু সেখানে অনেক সৈন্য ছিল এবং পুরো পরিবারকে হত্যা করা তাদের পক্ষে খুবই সম্ভব ছিল। এটা ভেবে বল প্রয়োগের চিন্তা বাদ দিই।”
“আমি হাত উঁচু করে দাঁড়িয়ে থাকি। তখন পরিবারের অন্যরা আমার জন্য কাঁদতে শুরু করে।”
নির্মল জানান, তিনজন সেনা তার দিকে এগিয়ে যায়। তাদের দুই জনের হাত ছিল ট্রিগারে এবং তার দিকে অস্ত্র তাক করে। এ পরিস্থিতিতে তার বাবা-মা সেনাদের পায়ে পড়ে ছেলের জীবন ভিক্ষা চান। তখন তৃতীয় সৈন্য তাদের চুপ করে ভেতরে যেতে বলে।
এর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে নির্মলের চাচাকে (যিনি বাড়ি ছেড়ে গিয়েছিলেন এবং ফিরে আসেন) বাড়ির আঙিনায় সৈন্যরা নিয়ে আসে বলে সাক্ষ্য জানানো হয়।
এরপর পাকিস্তানি সেনারা নির্মলের পরিবারের সদস্যদের সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলে। গুলি করা হবে বুঝতে পেরে নির্মলের মা পঞ্চবালা, তার ভাতিজা, দুই চাচা মাখনলাল ও জ্যোতিলাল, তার ভাই সুনীল ও নির্মল নিজে মাটিতে বসে পড়েন।
“তখন সৈন্যরা আমাদের থেকে মাত্র ১০ কদম দূরে ছিল এবং তারা গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিল।”
গুলি করার সঙ্গে সঙ্গে নির্মল ভান করে একপাশে পড়ে যান। “আমার গায়ে গুলি লাগেনি। কিন্তু আমি সেখানে মৃতের মতো পড়ে থাকি এবং তারা আমাদের ওপর গুলি চালানো বন্ধ করলে আর্ত চিৎকার শুনতে পাই,” বলেন তিনি।
নির্মল জানান, তার মায়ের পেটে গুলি লেগেছিল এবং এতে তার নাড়ি-ভুড়ি বেরিয়ে এসেছিল।
নির্মলের ভাতিজার পেটে গুলি লাগে, তার ছোটো ভাই সুনীল ও চাচা জ্যোতিলাল ও মাখনলালও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/০০০৫ ঘ.
bdnews24