ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানি সৈন্যদের চেয়ে তাদের এদেশীয় দোসরদের মুক্তিযোদ্ধাদের প্রতি আক্রোশ ও বিদ্বেষ বেশি ছিল- পাকিস্তানের সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর কথা ধরে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একথা বলেছেন অধ্যাপক মুনতাসির মামুন।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসাবে জবানবন্দি দিতে দাঁড়িয়ে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর মুনতাসির মামুনকে জেরাও করেন জামায়াত নেতার আইনজীবীরা।
মুনতাসির মামুন বলেন, একাত্তরে গোলাম আযমের পরামর্শ ও প্রত্যক্ষ সহযোগিতায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল শামসের মতো বাহিনী গঠিত হয় এবং তারা এদেশের মানুষের ওপর ধ্বংসযজ্ঞ চালায়। তাই গোলাম আযম এই ধ্বংসযজ্ঞের বিচার এড়াতে পারেন না।
“পাকিস্তানিদের পক্ষে এসব বাহিনী গঠিত না হলে ধ্বংসযজ্ঞের মাত্রা অনেক কম হতো; বাংলাদেশ আরো আগেই বিজয়ী হতে পারত,” বলেন তিনি।
বিভিন্ন তথ্য তুলে ধরে মুনতাসির মামুন বলেন, একাত্তরে যে রাজনৈতিক নেতারা পাকিস্তানের সামরিক বাহিনীকে নানাভাবে সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দিয়েছিল, জামায়াতে ইসলামীর তখনকার আমির গোলাম আযম ছিলেন তাদের অন্যতম।
৬১ বছর বয়সী এই গবেষক জানান, একাত্তরের মার্চ মাসে যেসব রাজনৈতিক দল পাকিস্তান সরকারকে সমর্থন করছিল, তার মধ্যে জামায়াতে ইসলামী, মুসলিম লীগের বিভিন্ন অংশ, পিডিপি এবং আরও কিছু দলের শাখা অন্যতম। তবে বড় দল হওয়ায় জামায়াত ও মুসলীম লীগের ভূমিকাই ছিল বেশি।
মুনতাসির মামুন বলেন, পাকিস্তানি বাহিনী ২৫ মার্চ ঢাকায় ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পর কয়েকটি দল পূর্ব পাকিস্তানে জেনারেল টিক্কা খানকে সহযোগিতা দিচ্ছিল।
এপ্রিলের প্রথম সপ্তাহে ডানপন্থী কয়েকটি দলের নেতারা তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক জান্তা জেনারেল টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন।
মুনতাসির মামুন বলেন, এর অর্থ দাঁড়ায় বৈঠকটি হয়েছিলো ২৫ মার্চের ওই হত্যাকাণ্ডের মাত্র দিন দশেকের মাথায় যখন দেশের বাকি মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছিল।
“এতে স্পষ্টত প্রমাণ হয়, একাত্তরে বাঙালিদের ওপর হত্যা, নির্যাতনে ওই সব রাজনীতিকদের সম্পৃক্ততা ছিল,” বলেন তিনি।
মুনতাসির মামুন বলেন, এপ্রিলের শুরুতে প্রায় প্রতিদিনই পাকিস্তানি বাহিনী এ দেশে হত্যা, লুটপাট চালাচ্ছিল। আর নুরুল আমীন ও গোলাম আযম এতে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছিলেন। তাদের পরামর্শেই সে সময় শান্তি কমিটি গঠিত হয়। পরবর্তীতে গঠন করা হয় রাজাকার, আলবদর, ও আলশামস বাহিনী। এসব বাহিনীতে জামায়াতের সদস্যদেরই প্রাধান্য ছিল।
“শান্তি কমিটি পাক হানাদার বাহিনীকে পথ দেখিয়েছে, বাঙালি নারীদের তাদের হাতে তুলে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সদস্য ও হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষদের তারা হত্যা-ধর্ষণ করেছে। আর গোলাম আযম এর নেতৃত্বে ছিলেন।”
তবে রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা নির্বিচারে মানুষ হত্যা ও নির্যাতন করলেও আল বদর বাহিনী সীমাবদ্ধ ছিল বুদ্ধিজীবী নিধনে, বলেন এই অধ্যাপক।
গবেষক মামুন বলেন, সে সময় জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্র সংঘের প্রধান হিসেবে মতিউর রহমান নিজামী এবং তার দলের প্রধান গোলাম আযম এসব অপরাধের জন্য দায়ী।
ওই সময়ের সংবাদপত্রগুলোতেও গোলাম আযমের এই সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে আদালতকে জানান তিনি।
সাক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর কমান্ডার আমির আব্দুল্লাহ খান নিয়াজির একটি নথির উল্লেখ করেন মুনতাসির মামুন।
ওই নথিতে বাঙালিদের মেরে সংখ্যালঘু জাতিতে পরিণত করতে মত প্রকাশ করেন ওই সেনা কর্মকর্তা, যা বাঙালির ওপর গণহত্যা চালানোর কারণ ইঙ্গিত করে।
মুক্তিযুদ্ধ নিয়ে বহু গবেষণামূলক বইয়ের লেখক মুনতাসির মামুন বলেন, “পাকিস্তানের সহযোগীদের লক্ষ্য ছিল মূলত ক্ষমতার সঙ্গে সংযুক্ত থাকা, সম্পদ লুট এবং জনগণকে দমিয়ে রাখার জন্য হত্যা ও ধর্ষণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা।”
সাক্ষ্য দেওয়ার পর ঘণ্টাখানেক আসামিপক্ষের আইনজীবীরা মুনতাসির মামুনকে জেরা করেন। সোমবার আবার তাকে জেরা করার কথা রয়েছে।
এ মামলায় সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা. এম এ হাসান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে ট্রাইব্যুনাল গত ১৩ মে ‘জামায়াতের গুরু’ হিসাবে পরিচিতি গোলাম আযমের বিচার শুরুর আদেশ দেয়।
গোলাম আযমের আইনজীবীরা মামলাটি অন্য ট্রাইব্যুনালে স্থানান্তর এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেও গত ১৮ জুন তা খারিজ করে দেয় আদালত।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে গ্রেপ্তারের আদেশ দেয় আদালত। গ্রেপ্তারের পর ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও তার ছিল বলে ঐতিহাসিক বিভিন্ন দলিলে প্রমাণ রয়েছে।
একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তিনি।
তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/০০২৫ ঘ.
bdnews24