২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক সপ্তাহ পিছিয়ে গেছে। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এবং প্রসিকিউশনের পক্ষে জেয়াদ আল মালুম রোববার সকালে সময়ের আবেদন করায় সাক্ষ্যগ্রহণের জন্য ১ জুলাই নতুন দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক। সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম শুরু হলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাক্ষীদের আদালতে হাজির করার জন্য সমন জারির আবেদন করেন। এরপরপরই আসামি পক্ষের আইনজীবি তাজুল ইসলাম দু সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নিজামুল হক বলেন, “সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষী পাওয়া যাচ্ছে না। আসামিপক্ষও পূর্ণ প্রস্তত নয়। এ অবস্থায় আদালত ১ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করল।” একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে ট্রাইব্যুনাল গত ১৩ মে ‘জামায়াতের গুরু’ হিসাবে পরিচিতি গোলাম আযমের বিচার শুরুর আদেশ দেয়। গোলাম আযমের আইনজীবীরা মামলাটি অন্য ট্রাইব্যুনালে স্থানান্তর এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেও গত ১৮ জুন তা খারিজ করে দেয় আদালত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও তার ছিল বলে ঐতিহাসিক বিভিন্ন দলিলে প্রমাণ রয়েছে। একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচএ/জেকে/১৬১২ ঘ.