পিরোজপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া পিরোজপুরের এক মুক্তিযোদ্ধার কিশোর ছেলের ওপর হামলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ছেলের ওপর হামলার পর বৃহস্পতিবার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন আব্দুল জলিল শেখ। জামায়াত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এই ব্যক্তি পরিবারের নিরাপত্তাহীনতার আশঙ্কাও প্রকাশ করেছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির সাঈদী পিরোজপুর-১ আসনে সংসদ সদস্য ছিলেন।
তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার একাদশ সাক্ষী হিসেবে গত জানুয়ারি মাসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জলিল। তার বাড়ি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামে।
হামলার শিকার রফিকুল ইসলাম টিপু (১৫) সদর উপজেলার পাড়েরহাট বন্দর রাজলক্ষ্মী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। একাত্তরে পাড়েরহাট এলাকায় সাঈদীর কর্মকাণ্ড আদালতে তুলে ধরেছিলেন জলিল।
সদর থানার ওসি জাহাঙ্গির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বেলা ১২টার দিকে টিপুর বাবা আব্দুল জলিল মারধরের ঘটনায় সাধারণ ডায়রি করেছেন। আমরা কার্যকর পদক্ষেপ নেব।”
জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তদের ভয়ে তার আহত ছেলেকে হাসপাতালে না নিয়ে অন্যত্র রেখে চিকিৎসা করাচ্ছেন। তার পরিবার চরম নিরাপত্তহীনতা ভুগছে।
তিনি বলেন, “সাঈদী সমর্থক ও বাদুরা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেনের ছেলে মারুফ (২২), মো. শামীমের ছেলে সুমন (১৫) ও কালামসহ (২৫) ৪/৫ জন দুর্বৃত্ত মঙ্গলবার সন্ধ্যায় টিপুকে বেদম মারধর করে।”
সাক্ষ্য দিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পর এই হামলাকারীরা তাকেও হুমকি দেয় বলে অভিযোগ করেন জলিল।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের পাড়েরহাট বন্দর সেতু সংলগ্ন একটি দোকানের সামনে বসে কথা বলছিল তার ছেলে।
“সেখান থেকে টিপুকে টেনে-হিঁচড়ে সেতু সংলগ্ন একটি পরিত্যক্ত লবণ মিলের গুদামের নিয়ে যায় তারা। গুদামের ভেতর হত্যার উদ্দেশ্যে টিপুর ওপর শারীরিক নির্যাতন চালায় এবং কিল-ঘুষি ও লাঠি-সোঁটা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে,” বলেন জলিল।
টিপুর চিৎকারে বন্দরের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকেও হুমকি দিয়ে দুর্বৃত্তরা চলে যায় বলে জানান জলিল।
তিনি জানান, সাঈদীর বিরুদ্ধে মামলার বাদিসহ অন্য সাক্ষীদের এর আগেও দুর্বৃত্তরা হুমকি দিলেও কার্যকর কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ নেয়নি।
জলিলের ছেলের ওপর হামলার বিষয়ে ৫ নম্বর শংকরপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সুলতান আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযুক্ত সন্ত্রাসীদের অত্যাচারে পাড়েরহাট বন্দরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।”
“তাদের ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৭০১ ঘ.
bdnews24