ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলা অন্য ট্রাইব্যুনালে স্থানান্তর এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক সোমবার এই আদেশ দেন।
বিচারপতি নিজামুল হকের প্রতি অনাস্থা জানিয়ে গোলাম আযামের আইনজীবীরা গত ৩০ মে মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন করেন। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশও প্রত্যাহারের আবেদন করেন তারা।
গত ৭ জুন এসব আবেদনের ওপর আসামিপক্ষ ও প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হয়।
জামায়াতের ‘গুরু’ হিসেবে পরিচিত গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন।
একাত্তরে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৬১ অভিযোগে গত ১৩ মে তার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও তার ছিল বলে ঐতিহাসিক বিভিন্ন দলিলে প্রমাণ রয়েছে।
একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তিনি।
তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24