ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য মীর কাসেম আলীকে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পরপরই রোববার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মীর কাসেমকে ট্রাইব্যুনালে তোলা হলে তাজুল ইসলামসহ তার আইজীবীরা জামিনের আবেদন জানালে বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জানায়, সোমবার ওই আবেদন শুনবেন তারা।
মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে তার হুকুমেই একাত্তরে চট্টগ্রামে বহু লোককে রাজাকার ক্যাম্পে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়।
তাজুল সাংবাদিকদের বলেন, “আমরা এখনো স্পষ্ট নই, তার (মীর কাসিম) বিরুদ্ধে কী অভিযোগ। আমরা জামিনের আবেদন করেছি, আদালত কাল শুনবেন বলে জানিয়েছেন।”
মীর কাসিম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি।
মীর কাসেম জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।
রোববার সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মীর কাসেমকে গ্রেপ্তারের আবেদন জানায় প্রসিকিউশন বিভাগ। প্রসিকিউটর রানা দাশগুপ্ত ওই আবেদনের শুনানিতে তার মানবতাবিরোধী অপরাধের কয়েকটি ঘটনা তুলে ধরেন।
তিনি বলেন, “মীর কাসেম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। প্রভাবশালী নেতা হওয়ায় তিনি গ্রেপ্তার ও বিচার এড়াতে দেশত্যাগ করতে পারেন। পাশাপাশি ট্রাইব্যুনালের বিচার কাজ ব্যাহত করতে বিভিন্ন দেশে অপপ্রচার চালাতে পারেন।
“এই অবস্থায় তদন্ত কাজ নির্বিঘ্ন করতে এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন।”
আবেদনে মীর কাসেম আলীর ঠিকানা উল্লেখ করা হয়- ২৮৭ দক্ষিণ মনিপুর, মোল্লাপাড়া, মিরপুর, ঢাকা।
শুনানি শেষে বেলা আড়াইটার দিকে বিচারপতি নিজামুল হক এই জামায়াত নেতাকে গ্রেপ্তারের আদেশ দেন। আদেশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মীর কাসেমকে ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
এরপর বিকাল ৪টার দিকে মতিঝিলে নয়া দিগন্ত কার্যালয় থেকে পুলিশ মীর কাসেমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (মতিঝিল বিভাগ) আনোয়ার হোসেন।
সাদা শার্টের ওপর কালো কোর্ট পরা মীর কাসেমকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ট্রাইব্যুনালে তোলা হয়। সেখানে আইনজীবীরা জামিনের আবেদন জানালে তা সোমবার শুনবেন জানিয়ে জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সপ্তম নেতা হিসেবে গ্রেপ্তার হলেন মীর কাসেম। এর আগে গ্রেপ্তার হন গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান।
এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমের যুদ্ধাপরাধের বিচারও চলছে ট্রাইব্যুনালে।
মীর কাসেমের বিরুদ্ধে যত অভিযোগ
গ্রেপ্তারের আবেদনে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, মীর কাসেম একাত্তরে জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন। আলবদর বাহিনী গঠন করে তিনি ওই বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান হন। এই বাহিনী চট্টগ্রামের মহামায়া ভবনকে ডালিম হোটেলে রূপান্তর করে নির্যাতন ক্যাম্প স্থাপন করে।
“এই ডালিম হোটেলেই চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সংখ্যালঘু নিরস্ত্র মানুষকে ধরে এনে নির্যাতন করে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়া হত,” বলেন চট্টগ্রামের প্রবীণ এই আইনজীবী।
একাত্তরের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মীর কাসেম আলীর নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানোর প্রমাণ পাওয়া গেছে বলেও জানান রানা দাশগুপ্ত।
মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের দায়িত্ব নেন।
মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এই দেশের যে সব বুদ্ধিজীবীকে হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মীর কাসেম পালিয়ে সৌদি আরবে চলে যান। আবার দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/পিসি/এলএইচ/কেটি/এমএমআর/জেকে/এমআই/২০৪৫ ঘ.
bdnews24