২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের অভিযোগ গঠনের বিষয়ে আদেশ সোমবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- সোমবার তা জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- সোমবার তা জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অভিযোগ গঠন বিষয়ে গত ২০ মে প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে। প্রসিকিউটর সাইফুল ইসলাম অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনা তুলে ধরেন। এসব ঘটনায় গণহত্যার ষড়যন্ত্র, গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতনসহ ৯ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে। কামারুজ্জামানকে একাত্তরে বৃহত্তর ময়মনসিংহ এলাকার প্রধান আল বদর নেতা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন প্রসিকিউটর। অবশ্য এ অভিযোগের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক। কামারুজ্জামানকে নিরাপরাধ দাবি করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তিনি। গত ৩১ জানুয়ারি কামারুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এর আগে ১৫ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের এ নেতার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুর করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। ওই বছরের ২ অগাস্ট মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/পিসি/এমআই/২২৪৫ ঘ.