ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দুজনকে পুনরায় জেরার বিষয়ে আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে সাড়া দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার আসামিপক্ষের আইনজীবী ও প্রসিকিউশনের যুক্তিতর্ক শুনে দুজন সাক্ষীকে জেরার অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হেলালউদ্দিনের তুলে ধরা তথ্য-প্রমাণে নতুন বিষয় উঠে আসায় তিনজন সাক্ষীকে পুনরায় জেরার অনুমতি চেয়েছিলেন সাঈদীর আইনজীবীরা।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, প্রসিকিউশনের প্রথম সাক্ষী মাহবুবুল আলমকে তিনটি এবং ষষ্ঠ সাক্ষী মানিক পশারীকে ১৩টি প্রশ্ন করতে চান আসামিপক্ষের আইনজীবীরা। এতে মামলার কার্যক্রম বিলম্বিত হবে না।
রুহুল আমিন নবীনকে পুনরায় জেরা করার আবেদন নাকচ করে বিচারপতি বলেন, তাকে ফের জেরার জন্য যে কারণ দেখানো হয়েছে তা প্রাসঙ্গিক নয়।
ওই দুজন সাক্ষীকে পুনরায় আদালতে হাজির করার ক্ষেত্রে যাতায়াত ব্যয় আসামিপক্ষের আইনজীবীদের দিতে বলেছেন বিচারক।
এদিকে সাঈদীর বিরুদ্ধে যে ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে, তাদের অনেকে ঢাকায় এলেও তাদেরকে আদালতে হাজির করা হয়নি বলে দাবি করেছে আসামি পক্ষের আইনজীবীরা।
এই দাবির সপক্ষে রোববার ট্রাইব্যুনালে বিভিন্ন নথি উপস্থাপন করে ওই সাক্ষীদের ঢাকায় অবস্থান, খাওয়া-দাওয়া ও কার্যক্রমের যাবতীয় তথ্য-প্রমাণ তুলে ধরেন আইনজীবীরা।
তারা এসব নথি আদালতে তুলে ধরার পর ওই সব সাক্ষীকে ঢাকায় যারা আশ্রয় দিয়েছেন আগামী বৃহস্পতিবার তাদের হাজির করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
১৫ সাক্ষীর জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আসামি পক্ষের আইনজীবীদের করা আবেদনের শুনানি এদিন মুলতবি করে ট্রাইব্যুনাল।
ওই ১৫ সাক্ষী গুরুতর অসুস্থ, অনেককে পাওয়া কঠিন এবং কয়েকজনের ঠিকানা জানা নেই দাবি করে তদন্ত কর্মকর্তাকে দেওয়া তাদের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে প্রসিকিউশনের আবেদন করেছিল। এরপর গত ২৯ মার্চ তা গ্রহণ করে ট্রাইব্যুনাল।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয় জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক এই সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/২২৪০ ঘ.
bdnews24