ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে সালাহউদ্দিন কাদের চৌধুরী নিজেই নূতন চন্দ্র সিংহকে গুলি করেন বলে প্রত্যক্ষদর্শী একজনকে উদ্ধৃত করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন একজন সাক্ষী।
চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার বিভূতি ভূষণ এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে জানান সিরাজুল ইসলাম, যিনি সিরু বাঙালি নামে পরিচিত।
বিভূতি ভূষণ মুক্তিযোদ্ধা সিরু বাঙালিকে বলে গেছেন, রাউজানের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের তার সঙ্গী পাকিস্তানি সেনাদের গুলি চালাতে প্ররোচিত করেছিলেন উর্দু ভাষায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের পৈত্রিক এলাকা রাউজান হলেও বর্তমান সংসদে তিনি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির আসন থেকে। মানবতাবিরোধী ২৩টি অভিযোগে বিচার চলছে তার।
বিভূতি ভূষণের বলা কথা ট্রাইব্যুনালে তুলে ধরে সিরু বাঙালি বলেন, “সালাউদ্দিন কাদেরের নির্দেশ ছিল, ‘ইস কো ওপর গুলি চালাও’। এরপর পাক সেনারা নূতন চন্দ্র সিংয়ের ওপর গুলি চালায়। সালাউদ্দিন কাদের শেষ গুলি চালিয়ে নূতন চন্দ্রের মৃত্যু নিশ্চিত করেন।”
বিভূতি তার বন্ধু সিরু বাঙালিকে বলেন, একাত্তরের ১৩ এপ্রিলের পুরো ঘটনাটি একটি গাছের ওপরে থেকে দেখেছিলেন তিনি। পাকিস্তানি সৈন্যদের দেখে ভয়ে তিনি ওই গাছে উঠে পড়েছিলেন।
সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে তৃতীয় সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে বক্তব্য দেওয়া সিরু বাঙালি মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদেরের মুক্তিযুদ্ধকালীন তৎপরতার বর্ণনা দেন। হিন্দুদের ওপর তার অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন তিনি।
মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন করিমের কাছ থেকে শোনা বর্ণনা তুলে ধরে সিরু বাঙালি বলেন, “চট্টগ্রামের ঊনসত্তর পাড়ায় পাকিস্তানি বাহিনী লুটতরাজ ও আগুন দেওয়ার সময় সালাউদ্দিন কাদের ১৫ থেকে ১৬ জন হিন্দু নারীকে গুলি চালিয়ে হত্যা করেন।”
একাত্তরের এপ্রিলের মাঝামাঝিতে সালাউদ্দিন কাদের আওয়ামী লীগ সমর্থক শেখ মোজাফফর আহমেদ এবং তার ছেলে শেখ আলমগীরকে ধরে নিয়ে যান বলে ক্যাপ্টেন করিম জানিয়েছিলেন সিরু বাঙালিকে, যা তিনি ট্রাইব্যুনালকে জানান।
হিন্দুদের ওপর সালাউদ্দিন কাদেরের পরিবারের খড়গহস্ত হওয়ার কারণ হিসেবে সিরু বাঙালি বলেন, “১৯৭০ সালের নির্বাচনে ফজলুল কাদের হেরে যাওয়ার পর থেকে হিন্দুদের ওপর তাদের রাগ ছিল। তারা মনে করত, ‘মালাউনদের’ ভোট পেয়েই আওয়ামী লীগ প্রার্থী সেবার জিতেছিল।”
সিরু বাঙালিকে সোমবার আসামি সালাউদ্দিনের আইনজীবীরা জেরা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এমআই/০০৩৫ ঘ.
bdnews24