ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সুবহানের জামিনের বিষয়ে মঙ্গলবার রায় দেবে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের স্থাপিত বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৩ সেপ্টেম্বর জামায়াতের এই নায়েবে আমীরকে ট্রাইব্যুনাল হাজির করার জন্য সোমবার দিন ঠিক করেন।
জামায়াতের প্রধান কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত জামায়াত নেতা পূর্ব-পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পরে বাংলাদেশ হওয়ার পরে ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য হন।
এই কৌঁসুলি যুক্তি দেখান, সুবহানকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করার পেছনে রাষ্ট্রপক্ষের অসৎ উদ্দেশ্য রয়েছে। “গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মধ্যে তিনি নবম ব্যক্তি।”
আসামিপক্ষের কৌঁসুলি আরো বলেন, “সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন ও নির্যাতন করতে ট্রাইব্যুনালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
রাজ্জাক ইঙ্গিত করেন যে, অভিযুক্ত পলায়ন করছিলেন বলে যে উল্লেখ করা হয়েছে তা ঠিক নয়। তিনি ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে যমুনা সেতুর টোল প্লাজার সামনে থেমেছিলেন মাত্র।
জ্যেষ্ঠ এই আইনজীবী তার মক্কেলের বিরুদ্ধে চরমপন্থীদের উসকানি দিয়ে এবং দেশে ও বিদেশে যুদ্ধাপরাধের প্রমাণ ও সাক্ষীদের বিষয়ে অবৈধ প্রভাব বিস্তার করার যে দাবি প্রসিকিউশন তুলেছে তার বিরোধিতা করেন।
তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে প্রসিকিউশনের শুধু ‘হীন উদ্দেশ্যই’ প্রকাশ পায়।
প্রমিকিউটর হৃষিকেশ সাহা বলেন, সুবহানের বিরুদ্ধে কার্যকর অনুসন্ধান পরিচালনা নিশ্চিত করতে অভিযুক্তকে কারা হেফাজতে রাখা প্রয়োজন।
তিনি বলেন, সুবহানের বাড়ি পাবনার বেশ কয়েকটি এলাকায় তদন্ত সংস্থা গণকবরের সন্ধান পেয়েছে। তবে ওই সমস্ত গণকবরের মধ্যে অন্তত তার উল্লেখিত ১৫টির সঙ্গে সুবহানের কর্মকা-ের কোনো সম্পৃক্ততা থাকার বিষয়ে ট্রাইব্যুনাল জানতে চাইলে প্রসিকিউটর স্পষ্ট করে কিছু জানাতে পারেনি।
প্রসিকিউটর বলেন, অভিযুক্ত প্রায়ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চিহ্নিত করাসহ মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতার ক্ষেত্রে অগ্রগামী ভুমিকা পালন করেছিলেন।
তিনি প্রভাবশালী ব্যক্তি ছিলেন কিনা বিচারপতি নিজামুল হক তা জানতে চাইলে প্রসিকিউটর ইতিবাচক উত্তর দেন।
গত ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মাওলানা সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে পাবনা কারাগারে নেয়া হয়। এরপর ২০০৩ সালের একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই জামায়াত নেতাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এসইউ/২১০৭ ঘ.
bdnews24