২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলায় সাক্ষ্য দিলেন সাংসদ আওয়াল

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় দ্বাদশ সাক্ষী পিরোজপুরের সংসদ সদস্য একেএম আব্দুল আওয়ালের সাক্ষ্য শোনার পর জেরা শুরু করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় দ্বাদশ সাক্ষী পিরোজপুরের সংসদ সদস্য একেএম আব্দুল আওয়ালের সাক্ষ্য শোনার পর জেরা শুরু করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। মঙ্গলবার সাকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর সাক্ষ্য দিতে শুরু করেন সাংসদ আওয়াল, যিনি একাত্তরে মুক্তিযুদ্ধের প্রথমভাগে সুন্দরবনে মুক্তিবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বে ছিলেন। মূলত সে সময় পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সাঈদীর রাজাকার বাহিনীর বিভিন্ন যুদ্ধাপরাধের তথ্য ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেন তিনি। তবে পাকিস্তানি বাহিনীর পিরোজপুরে প্রবেশ এবং শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠনের সময় সম্পর্কে সাক্ষ্যে তিনি যে বক্তব্য দেন তা পরে সংশোধন করতে চাইলে প্রায় দেড় ঘণ্টা তর্ক চলে দুই পক্ষের মধ্যে। সাক্ষ্যে আওয়াল বলেন, পাকিস্তানি বাহিনী পিরোজপুরের পারেরহাটে আসে ১৯৭১ সালের মে মাসের শেষ দিকে। তার কয়েকদিন আগেই সেখানে শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। যদিও এ মামলার আটজন সাক্ষী আগে বলেছেন যে, তারা ৭ মে পাকিস্তানি সেনাদের পিরোজপুরে ঢুকতে দেখেছেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর আওয়াল ট্রাইব্যুনালকে বলেন, জবানবন্দির দুটি বিষয় তিনি সংশোধন করতে চান। প্রথমত তিনি যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তা তার সাক্ষ্যে উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, সাক্ষ্যে পাকিস্তানি সেনাদের পিরোজপুরে আসার সময় পড়তে হবে ‘মে মাসের শুরুর দিকে’, শেষভাগে নয়। আউয়াল বলেন, তিনি ভুল করে ‘মে মাসের শেষ দিক’ বলেছেন। সাক্ষ্যে সই করার সময় বিষয়টি তার চোখে পড়লেও স্বাক্ষর করতে বলায় তিনি তাতে সই করেন। সাঈদীর আইনজীবীরা তার এ আবেদনের তীব্র বিরোধিতা করলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। আসামির পক্ষে মিজানুল ইসলাম বলেন, “আমরা এর বিরোধিতা করছি।” এ সময় ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক বলেন, নিজের বক্তব্য স্পষ্ট করার অধিকার সাক্ষীর আছে। সাঈদীর আরেক আইনজীবী তাজুল ইসলাম বলেন, “সাক্ষী তার বক্তব্য শেষ করে স্বাক্ষর করার সময়ও কোনো আপত্তি করেননি। এখন তিনি ওই বক্তব্য সংশোধন করতে পারেন না। তাকে সুযোগ দিলে এ মামলার পরও মারাত্মক বিরূপ প্রভাব পড়বে।” প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, সাক্ষী একটি ভুল সংশোধনের জন্য ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেছেন মাত্র, আর এ অধিকার সাক্ষী হিসেবে তার রয়েছে। ট্রাইব্যুনাল সদস্য এ কে এম জহির আহমেদ মত দেন, সাক্ষীর বক্তব্য সংশোধনের প্রয়োজন থাকলে সাক্ষ্যের লিখিত অংশের শেষে ও জেরা লিপিবদ্ধ করার আগে এর নোট রাখা যেতে পারে। অন্যদিকে বিচারপতি এটিএম ফজলে কবির বলেন, সাক্ষীর এই সংশোধনী নথিভুক্ত করতে হলে তা করতে হবে ‘রি-এক্সামিনেশনের’ পর। এরপর ট্রাইব্যুনাল প্রধান বলেন, তিনি নিজের মত দিয়েছেন। তবে ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য ভিন্ন মত দেওয়ায় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তাদের মতই গ্রহণ করা হলো। কিন্তু আসামির আইনজীবী হায়দার আলী পরে ‘রি-এক্সামিনেশনের’ বিরোধিতা করে বলেন, একজন্য সাক্ষী আদালতে একটি বক্তব্য দেওয়ার পর সেটা পুরোপুরি উধাও হয়ে যাবে? এটিএম ফজলে কবির এ সময় বলেন, “না, তা হবে না।” প্রায় দেড় ঘণ্টা এ বিষয়ে বিতর্ক চলার পর সাড়ে ৩টার দিকে আওয়ালের জেরা শুরু করেন আসামির আইনজীবীরা। বৃহস্পতিবারও তা চলবে। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। জামায়াতে ইসলামির সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও সোমবার অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আগামী বুধবার তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার রয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে। এদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/২০২৫ ঘ.