২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল: গোলাম আযমের বিষয়ে আদেশ ৯ জানুয়ারি

একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৯ জানুয়ারি দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উপস্থাপনের পর অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৯ জানুয়ারি দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বৃহস্পতিবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগের পুনর্বিন্যস্ত প্রতিবেদন জমা দেন। এর আগে গত ১২ ডিসেম্বর প্রথম দফায় ৫২ দফা অভিযোগ উত্থাপন করে গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে ২৬ ডিসেম্বর শুনানির পর আদালত জানায়, অভিযোগের প্রতিবেদনটি নিয়ম অনুযায়ী বিন্যস্ত করা হয়নি। তা পুনর্বিন্যস্ত করে ৫ জানুয়ারির মধ্যে আবারো আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউটর হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী ৯ জানুয়ারি গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ ফেলেছে ট্রাইব্যুনাল।” প্রথম দফায় গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া ৩৬০ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষী রাখা হয় ৪০ জন। নথিপত্র ছিলো ৪০০টির মতো। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল¬া এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও মামলা চলছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/জেকে/১৪৫০ ঘ.