ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের কাঠামো শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেণ মুনতাসীর মামুন।
বুধবার তিনি বলেন, "যে প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেই বিচার কাঠামো শক্তিশালী নয়।"
"যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার কাঠামোতে কোনো ধরণের দুর্বলতার কারণ এ বিচার ক্ষতিগ্রস্ত হলে দেশের সাধারণ নাগরিকরা তা মেনে নেবে না।"
শেখ হাসিনার ৬৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটশনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও রায় বাস্তবায়নের আহবান জানিয়ে লেখক-সাংবাদিক রাহাত খান বলেন, "আগামী এক বছরের মধ্যেই পাঁচ যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করুন। কোনো কালক্ষেপণ না করে দ্রুত এই বিচার শেষ করুন।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিন প্রমুখ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর ৬৫তম জন্মদিন উপলক্ষে বুধবার বিকালে তার সরকারি বাসভবন গণভবনে মিলাদের আয়োজন করা হয়। এতে শেখ রেহানা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24