ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ২০ সেপ্টেম্বর হবে।
মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারক প্যানেল পরবর্তী এ দিন ধার্য করে। ওই দিনও আসামি পক্ষের আইনজীবীদের শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
আদালত একইসঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর বেসরকারি টিভি চ্যানেল ইটিভি ও এটিএন বাংলার প্রচারিত বিশেষ প্রতিবেদন আসামি পক্ষের আইনজীবীদের সরবরাহ করার আদেশ দেয়।
পাশাপাশি আগামী ১৮ সেপ্টেম্বর কারাগারে সাঈদীর সঙ্গে তার আইনজীবীর সাক্ষাতের অনুমতি দেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়।
সাঈদীকে এ সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শুনানির শুরুতে সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি মুলতবির আবেদন করেন।
এ সময় তিনি বলেন, "প্রসিকিউশন তথ্য উপাত্ত হিসেবে ইটিভি ও এটিএন বাংলায় প্রচারিত বিশেষ প্রতিবেদনের সিডি আমাদেরকে সরবরাহ করেননি।"
গত ৮ সেপ্টেম্বর সাঈদীর সঙ্গে কারাগারে মাত্র দেড়ঘণ্টা কথা বলার সুযোগ পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, "এই মামলার শুনানির জন্য সাঈদীর সঙ্গে আরো কথা বলা প্রয়োজন। আমাদের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ২০ সেপ্টেম্বরের আগে আর দেখা করতে দেবে না বলে জানিয়ে দেয়।"
মুলতবির আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
আদেশের পরে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা আদালতে বলেছি চার্জ গঠনের জন্য যে উপাদান দরকার তা আমাদের দেওয়া তথ্য উপাত্তে আছে। তারা বার বার মুলতবির আবেদন করে এ মামলার কার্যক্রমকে বিলম্বিত করার চেষ্টা করছে। আইনে আছে যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ করতে হবে।"
গত ২৩ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালে এই শুনানি শুরুর পরদিন তা ৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ওইদিন অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। অভিযোগ গঠন হলে জামায়াতের নায়েবে আমির সাঈদী হবেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম অভিযুক্ত।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হলেও প্রথম অভিযোগ গঠন হচ্ছে সাঈদীর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছিলো ২০১০ সালের ২৯ জুন।
জামায়াতের গ্রেপ্তার অন্য নেতারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/০১১৬ ঘ.
bdnews24