ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার শুরু হয়েছে।
গত ২৩ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালে এই শুনানি শুরুর পরদিন তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। অভিযোগ গঠন হলে জামায়াতের নায়েবে আমির সাঈদী হবেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম অভিযুক্ত।
রোববার সকালে তাকে আদালতে হাজির করার পর সাড়ে ১০টার দিকে শুনানি শুরু করেন বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইবুনাল।
এর আগে ২৩ অগাস্ট আদালতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
সাঈদী নিজে ও তার নেতৃত্বে এক দল লোক একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এবং তাদের সহায়তায় পিরোজপুরের বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ তুলে ধরা হয়।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হলেও প্রথম অভিযোগ গঠন হচ্ছে সাঈদীর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয়েছিলো ২০১০ সালের ২৯ জুন।
জামায়াতের গ্রেপ্তার অন্য নেতারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১০৪৪ ঘ.
bdnews24