২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের জামিনের মেয়াদ বেড়েছে

যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমের জামিনের মেয়াদ ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতির একটি প্রতিবেদনও ওই সময়ের মধ্যে দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমের জামিনের মেয়াদ ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতির একটি প্রতিবেদনও ওই সময়ের মধ্যে দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আলীমের উপস্থিতিতে বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। কয়েকটি শর্তে জামিনে থাকা অশীতিপর আলীমকে তার স্বজনরা বনানীতে তার ছেলে ফয়সাল আলীমের বাসা থেকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নিয়ে আসে। বিএনপির সাবেক এ সংসদ সদস্য এর আগে গত ২৮ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছিলেন। ওই দিন জামিন বহাল রেখে তাকে আবার ২১ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ আলীমকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। ওই দিনই জয়পুরহাটে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পর ৩১ মার্চ অশীতিপর আলীমকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। যুদ্ধাপরাধে গ্রেপ্তার নেতাদের মধ্যে আলীমই প্রথম জামিন পান। গ্রেপ্তার অন্যরা হলেন- বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২২৫ ঘ.