ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনাল ও এর বিচার প্রক্রিয়া নিয়ে নানা অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের লজিস্টিক সাপোর্ট সম্পর্কে খোঁজ খবর নিয়ে পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, ৭১ এর মানবতাবিরোধী অপরাধের এই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। রাজনৈতিক উদ্দেশ্যে এই বিচার চলছে না। কোনো ব্যক্তিও এর টার্গেট নয়।
বিদেশি আইনজীবী নিয়োগ সম্পর্কে শফিক আহমেদ বলেন, বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো অভিযুক্ত বিদেশি আইনজীবী নিয়োগে আবেদন করতে পারে না।
"কোনো বিদেশি আইনজীবী যদি কোনো অভিযুক্তের পক্ষে লড়তে চায়, তাহলে নিয়ম অনুযায়ী সেই আইনজীবীকে আবেদন করতে হবে। কোনো আইনজীবী এ রকম আবেদন করলে তা বিবেচনা করবে বার কাউন্সিল।"
"বার কাউন্সিলের অনুমতি পেলেই কেবল বিদেশি আইনজীবীরা এদেশের আদালতে কোনো অভিযুক্তের পক্ষে লড়তে পারবে," যোগ করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, "আমি ইচ্ছা করলেই বিদেশের কোনো আদালতে গিয়ে মামলা লড়তে পারবো না।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই নিয়ম জানা সত্ত্বেও কেবল বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্যই অভিযুক্তদের পক্ষ থেকে বিদেশি আইনজীবী নিয়োগে বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।
এই বিচারে সব অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে বলে উল্লেখ করেন তিনি।
"এমনকি তারা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগও পাবে।"
তিনি জানান, কোনো অভিযুক্তের আইনজীবী না থাকলে সরকার তার পক্ষে আইনজীবী নিয়োগ করবে।
এর আগে মন্ত্রী প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ প্রসিকিউশন টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা কারাগারে রয়েছেন।
একই অভিযোগে কারাগারে আছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমকে একই অভিযোগে গ্রেপ্তার করা হলেও তিনি বর্তমানে শর্ত সাপেক্ষে জামিনে আছেন।
এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ আমলেও নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১০ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। বাকিদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে।
এই অভিযুক্তদের মধ্যে আলীমসহ জামায়াতের পাঁচ নেতার পক্ষে বাংলাদেশি আইনজীবীরা ট্রাইব্যুনালে লড়ছেন।
এরই মধ্যে বিদেশি আইনজীবী নিয়োগে জামায়াতের পাঁচ নেতার পক্ষে গত ১৭ জুলাই অভিযুক্তদের বাংলাদেশি আইনজীবীরা বার কাউন্সিলে আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০১০ ঘ.
bdnews24