২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ট্রাইবুনাল বিষয়ে আগ্রাসী মত প্রত্যাশিত নয়'

আটক জামায়াত নেতাদের আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে অপরাধ ট্রাইবুনালের নিবন্ধক বলেছেন, শিষ্টাচার ও মাত্রাজ্ঞান অতিক্রম করে আগ্রাসী ভঙ্গিতে মত প্রকাশ প্রত্যাশিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক জামায়াত নেতাদের আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে অপরাধ ট্রাইবুনালের নিবন্ধক বলেছেন, শিষ্টাচার ও মাত্রাজ্ঞান অতিক্রম করে আগ্রাসী ভঙ্গিতে মত প্রকাশ প্রত্যাশিত নয়। "একই মুখে দুই কথা বলবেন না। সভ্য আচরণ করুন।"- রাজ্জাকা এ মন্তব্য করেছেন উল্লেখ করে নিবন্ধক বলেন, "যারা প্রকৃত অর্থেই সভ্য তারা কি নিজস্ব মত প্রকাশ ও প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ ধরণের অসৌজন্যমূলক উক্তি করতে পারেন?" আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নিবন্ধক জানিয়েছে মো. শাহিনুর ইসলাম বুধবার বলেন, প্রতিক্রিয়া ব্যক্ত করার বা মত প্রকাশের অধিকার সবার রয়েছে। কিন্তু তা কোনো বিবেচনাতেই শিষ্টাচার ও মাত্রাজ্ঞান অতিক্রম করে আগ্রাসী ভঙ্গিতে প্রত্যাশিত নয়। '৭১-এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের আইনজজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে আটকদের 'ন্যায় বিচারের স্বার্থে' সংবিধানের প্রথম সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনীর এ সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানান। এছাড়া ট্রাইবুনালের যে কোনো অন্তর্বর্তীকালীন আদেশের বিপক্ষে আপিল করার মতো একটি ফোরাম সৃষ্টি, উভয়পক্ষকে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া, ট্রাইবুনালের সম্পূর্ণ কার্য বিবরণী রেকর্ড করা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিচার পর্যবেক্ষণের সুযোগ দেওয়ারও দাবি জানান তিনি। '৭১-এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ দলটির শীর্ষ চার নেতা কারাগারে আটক রয়েছেন। ট্রাইবুনালের নিবন্ধ শাহিনুর বুধবার বলেন, "ট্রাইব্যুনাল ও এর বিচারিক কার্যক্রম ও প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট সবাইকে স্পষ্ট ধারণা নিয়ে মত প্রকাশের ক্ষেত্রে গঠনমূলক মানসিকতা ও পরিমিতিবোধের পরিচয় দেয়ার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করছি।" "এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের বিচারের লক্ষ্য গঠিত একটি স্বতন্ত্র বিচার প্রতিষ্ঠান। এর উদ্দেশ্যই হলো, স্বচ্ছ, নিরপেক্ষ, উন্মুক্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক ও ভাল কিছু। সেটি দেশীয় বা আন্তর্জাতিক রীতিনীতি যেটিই হোক না কেন ট্রাইবুনাল প্রয়োজনে তা বিবেচনায় নেওয়ার এখতিয়ার সংরক্ষণ করেন।" তিনি বলেন, বিধি ২৯-এর বিলুপ্ত উপবিধি (২) এ বর্ণিত মামলা খারিজের বিষয়টি বিধি ২৩ এ রয়েছে। তাই ওই বিধি বিলুপ্তির ফলে অভিযুক্ত ব্যক্তির অধিকার বিলুপ্ত করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিদেশি আইনজীবী নিয়োগে ট্রাইবুনালের পক্ষ থেকে কোনো বাধা নেই। বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি নিয়ে যে কেউ আসতে পারে। আর সংবিধান সংশোধন ট্রাইবুনালের এখতিয়ারে পড়ে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৪৫ ঘ.